এল ক্লাসিকোতে উত্তেজনা ছড়াল পরতে পরতে। সে উত্তেজনা চরম পর্যায়ে উঠল শেষ সময়ে পেদ্রির লাল কার্ড দেখা নিয়ে। দুই দলের খেলোয়াড়রা জড়ালেন হাতাহাতিতে। তবে ততক্ষণে যে কাজের কাজটা করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে আর জুড বেলিংহামের গড়ে দেওয়া লিডটাই যে জয়ের উপলক্ষ হয়ে ধরা দিয়েছে তখন।
ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদের গতি আর ছন্দ ছিল নজরকাড়া। প্রতিটি খেলোয়াড়কে যেন জাবি আলোনসো এক সুতোয় গেঁথে ফেলেছেন। সেই সিম্ফনির সুবাদে ম্যাচের ২২ মিনিটেই গোলের দেখা পান কিলিয়ান এমবাপ্পে।বার্নাব্যুর গ্যালারি যেন মুহূর্তেই বিস্ফোরিত হলো!
তবে বার্সেলোনাও হাল ছাড়ার দল নয়। মরিয়া হয়ে উঠল শোধ দিতে। ৩৮ মিনিটে সেই সুযোগও মিলে গেল, ফারমিন লোপেজের অসাধারণ গোলেই সমতায় ফিরল কাতালানরা। মুহূর্তটা যেন জানান দিচ্ছিল, লড়াইটা হতে চলছে সেয়ানে সেয়ানে।

তবে সেই সম্ভাবনা জেগে ওঠার সুযোগ দিলেন না জুড বেলিংহাম। ফারমিনের গোলের জবাব দিলেন পাঁচ মিনিটের ব্যবধানে, করলেন বাজিমাত। ২-১ এ এগিয়ে থেকেই বিরতিতে গেল রিয়াল।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করার সুযোগ আসে এমবাপ্পের সামনে, তবে ব্যবধান বাড়াতে ব্যর্থ হন তিনি। আরও কিছু সুযোগ হাতছানি দিলেও রিয়াল তা কাজে লাগাতে পারেনি। বার্সেলনাও আর জবাব দিতে পারল না। প্রতিপক্ষের জাল অক্ষুণ্ণ রয়ে গেল।
টানা পাঁচ ক্লাসিকো হারের পর রিয়াল যে প্রতিশোধের আগুনে জ্বলছিল, সেই আগুনেই পুড়ল বার্সার পরিকল্পনা। বার্নাবুর আলোয় সাদা ঝড়ের সামনে নীল-গারনেট রঙটা যেন হারিয়ে গেল গোধূলির আকাশে। মর্যাদার লড়াইয়ে আবারও ছুটল জয়রথ। বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে রিয়াল যেন জানিয়ে দিল, স্প্যানিশ ফুটবলের সিংহাসনে এখনও তাদেরই আধিপত্য।












