রিপন রাজশাহীর ‘সুপারম্যান’

খলনায়ক থেকে  এক লহমায় নায়ক বনে যাওয়ার 'টুইস্ট' মঞ্চস্থ করলেন রিপন মণ্ডল। দিনটা তার বেজায় বাজে কাটবে সেটাই যেন ছিল নিয়তি। কিন্তু...

খলনায়ক থেকে  এক লহমায় নায়ক বনে যাওয়ার ‘টুইস্ট’ মঞ্চস্থ করলেন রিপন মণ্ডল। দিনটা তার বেজায় বাজে কাটবে সেটাই যেন ছিল নিয়তি। কিন্তু নিজের ভেল্কি দেখিয়ে, সুপার ওভারে নিয়ে গেলেন ম্যাচ। সুপার ওভারেও রিপন বনে গেলেন রাজশাহী ওয়ারিয়ার্সের সুপার ম্যান।

রাজশাহী ওয়ারিয়ার্সের ছুড়ে দেওয়ার ১৬০ রানের লক্ষ্যমাত্রায়, জয়ের জন্য রংপুর রাইডার্সের শেষ ওভারে প্রয়োজন ছিল স্রেফ সাতটি রান। দলের মারকুটে ব্যাটাররা তখনও অক্ষত। সেই ম্যাচ বাঁচানোর দায়িত্ব তুলে দেওয়া হল রিপনের কাঁধে। বরফ শীতল মস্তিষ্ক আর সুদৃঢ় চিত্ত নিয়ে রিপন করলেন বাজিমাত।

প্রথম বলেই তুলে নেন, খুশদিল শাহের উইকেট। এরপর সেই ওভারে এক বাউন্ডারি হজম করলেন তিনি। শেষ দুই বলে রংপুরের প্রয়োজন ছিল স্রেফ এক রান। পঞ্চম বলে রিপনের শিকার নুরুল হাসান সোহান। ষষ্ঠ বলে মেহরব হোসেনের ক্ষিপ্রতায় রান আউট মাহমুদউল্লাহ রিয়াদ।

এমন অভিজ্ঞ এক ব্যাটিং লাইনআপের সামনে দাঁড়িয়ে নিজের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করা ভীষণ কষ্টসাধ্য কাজ। কিন্তু রিপন বিচলিত হননি এক ছটাক। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আস্থার প্রতিদান দিলেন তিনি শতভাগ। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও রংপুর রাইডার্সের ব্যাটারদের কোণঠাস করে ফেলেন রিপন।

তরুণ বোলার হিসেবে সুপার ওভারের স্নায়ুচাপ ধরে রাখা চাট্টিখানি কথা নয়। তিনি ধরে রাখলেন। তার বলে কাইল মায়ার্স, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ কেউই কোন বাউন্ডারি আদায় করতে পারেননি। বুদ্ধিদীপ্ত বোলিং চ্যানেল, সেই সাথে ছক কষা ফিল্ডিং সেটআপ- দুইয়ের মিশেলে দুই ওয়াইড দিয়েও রিপনের খরচ স্রেফ ছয় রান।

এর মধ্যে একটি বলে তিনি বোল্ড আউট করেন কাইল মায়ার্সকে। দুর্ধর্ষ ইয়োর্কার ব্যাটের ছোঁয়া পেয়েও নিশানা ভেদে অবিচল। স্ট্যাম্প উপড়ে যায় কাইল মায়ার্সের। অথচ এদিন নিজের প্রথম তিন ওভারে রিপন খরচ করেছিলেন ৩৭ রান। ছিলেন উইকেট শূন্য। অনায়াসে বনে যেতে পারতেন তিনি দলের পরাজয়ের প্রধান কারণ।

কিন্তু রিপনের মত চরিত্ররা বরাবরই লড়াই করতে ভালবাসে। সে কারণেই তারা চ্যালেঞ্জের সামনে মুখ থুবড়ে পড়ে না। প্রতিপক্ষের অভিজ্ঞতার চোখ রাঙানি উপেক্ষা করে তারুণ্যের জয়গানের উৎসবে মেতে ওঠেন রিপন মণ্ডলরা বারেবারে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link