হ্যাটট্রিকের আনন্দে উড়লেন রিপন

ডেথ ওভারে বোলিং, সুপার ওভারে নার্ভ ধরে রাখা এরপর হ্যাটট্রিক- সব পরিস্থিতিতেই পারফরমেন্সের মুন্সিয়ানা দেখিয়ে যাচ্ছেন রিপন। বিশ্বকাপের দলে এখনও বদল আনার বেঁচে থাকা সুযোগ কি কাজে লাগাবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট? 

বিশ্বকাপ দলে রিপন মণ্ডলকে না নেওয়ার আক্ষেপ তিনি নিজেই আরেকটু বাড়িয়ে দিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারতম হ্যাটট্রিক মঞ্চস্থ করেছেন ডানহাতি এই পেসার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের একেবারে শেষ ওভারে, টানা তিনটি উইকেট নিজের করে নিয়েছেন তরুণ এই পেসার।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিল রিপন মণ্ডল। সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্সের উর্ধ্বমুখী গ্রাফ তাকে সেই আলোচনার বিষয়বস্তুতে পরিণত করেছিল। আর অহেতুক যে তাকে বিশ্বকাপের দলে নেওয়া সুর তোলা হয়নি- সে প্রমাণ প্রায় প্রতিটা ম্যাচেই দিয়ে যাচ্ছেন রিপন।

এদিন হ্যাটট্রিকের শুরুটা করেন তিনি আক্রমণাত্মক ব্যাটার সাব্বির রহমানের উইকেট তুলে নিয়ে। মিডউইকেট অঞ্চলে ক্যাচ তুলে রিপনের উইকেটে পরিণত হয়েছিলেন সাব্বির। এরপরের বলে আকাশে বল তুলে দেন জিয়াউর রহমান। জিমি নিশাম ক্যাচ তালুবন্দী করেন। তখন ঢাকার আর একটিমাত্র উইকেটই বাকি ছিল।

অন্যদিকে রিপন হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তরুণ পেসার এখানেই নিজের স্নায়ুচাপকে দারুণভাবে নিয়ন্ত্রণ করলেন। ঢাকা ক্যাপিটালসের সর্বশেষ ব্যাটার তাইজুল ইসলামকে বোল্ড আউট করে হ্যাটট্রিক পূরণ করেন রিপন। এই নিয়ে এবারের বিপিএলে তৃতীয় দফা হ্যাটট্রিকের দৃষ্টান্ত স্থাপন হল।

ব্যক্তিগত চার ওভারে ৩০ রানের বিনিময়ে রিপন তুলে নিয়েছেন তিনটি উইকেট। দ্বাদশ বিপিএলে এখন পর্যন্ত তার উইকেট সংখ্যা ১৩টি। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। মাত্র ১১.০৭ স্ট্রাইকরেট উইকেট শিকারের ধারাটা বজায় রেখেছেন রিপন মণ্ডল। ডেথ ওভারে বোলিং, সুপার ওভারে নার্ভ ধরে রাখা এরপর হ্যাটট্রিক- সব পরিস্থিতিতেই পারফরমেন্সের মুন্সিয়ানা দেখিয়ে যাচ্ছেন রিপন। বিশ্বকাপের দলে এখনও বদল আনার বেঁচে থাকা সুযোগ কি কাজে লাগাবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link