ভাগ্যের নির্মমতা বুঝি একেই বলে। নতুন আসরের প্রথম ম্যাচটাতে দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়লেন ঋষাভ পান্ত, শুরুর আগেই শেষ করে আক্ষেপ নিয়েই ফিরলেন সাজঘরে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম অ্যাসাইনমেন্ট, দিল্লির আমন্ত্রণে ব্যাটিংয়ে এসেছিল লখনৌ সুপার জায়ান্টস। অধিনায়ক পান্ত জায়গা নিলেন ওপেনিংয়ে। পুরনো মলাট ছিঁড়ে নিজেকে নতুনভাবে জাহির করার প্রচেষ্টা যাকে বলে।
তবে ভাগ্য সহায় হলো না। ব্যাটে-বলের সুর, তাল লয় মিলছিল না কিছুতেই। নিজেকে সময় দেওয়ার চেষ্টা করলেন। তবে বিধাতা সময়টা দীর্ঘস্থায়ী করলেন না।
ঘটনাটা ঘটল তৃতীয় ওভারের শেষ বলে। গুড লেংথের বল সোজা ব্যাটে খেলেছিলেন মিচেল মার্শ। সাধারণত এই শট মানেই বাউন্ডারির সম্ভাবনা। কিন্তু এবার গল্পটা ছিল অন্যরকম। বলটা একটু বেশিই সোজা হয়ে গেল। মুকেশ কুমারের হাতে লেগে আছড়ে পড়ল স্টাম্পে।
এদিকে পান্ত তখন ক্রিজের বাইরে। হয়তো রান নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিংবা মুহূর্তের জন্য ছিলেন অসতর্ক। আর তাতেই ঘটে গেল বিপত্তি। চোখের পলকে ভেঙে গেল স্টাম্প, শেষ হয়ে গেল ইনিংস। নয় বলে সাত রানের ইনিংস খেলেই ফিরতে হলো পান্তকে। ভাগ্য যেন রসিকতা করল তাঁর সাথে।
Share via:













