পাকিস্তান সুপার লিগের মঞ্চে রিশাদ হোসেনের বিবর্ণ একটা দিন। উইকেট প্রাপ্তির খাতা যেমন শূন্য তেমনই রান আটকাতে ব্যর্থ হয়েছেন তিনি। ম্যাজিকম্যান রিশাদ এখনও স্বরূপে দেখা যায়নি পিএসএলের মঞ্চে।
এদিন রিশাদের দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ আগে ব্যাট করে স্কোরবোর্ডে তোলে ১৯৭ রান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই রান চেজ করা যায় হরহমেশাই। জিততে হলে বোলারদের ভালো করতে হবে।
সেখানে রিশাদের উপর বড় রকমের ভরসা ছিল পিন্ডিজের। প্রথম দিকে আস্থার প্রতিদানও দিয়েছিলেন ঠিকই। অষ্টম ওভারে বল হাতে নিয়ে খরচা করেছিলেন মাত্র সাত রান।

নিজের মিতব্যায়ী বোলিংটা সচল রাখেন ১০ম ওভারেও। প্রথম বলে বাউন্ডারি হজম করার পর ফিরে আসেন দারুণভাবে। ওভার শেষ করেন মাত্র পাঁচ রান দিয়ে। ব্যাটাররা কোনভাবেই হাত খুলতে পারছিল না তার বিপক্ষে।
তৃতীয় ওভারে এসে কিছুটা খরুচে হলেন বটে, তবে ওভার শেষে ১০ রান হজম করাকে ঠিক খরুচে বলা চলে না। ব্যাটিং উইকেটে দাঁড়িয়ে বরং এটাকে ভালোই বলা চলে। তবে শেষটাতে আর নিজেকে সামলে রাখতে পারলেন না রিশাদ। ১৫ তম ওভারে বিলিয়ে দিলেন ১৬ রান। চার ওভারে একটা বলেও উইকেট যোগ হলো না রিশাদের নামের পাশে। দিনশেষে দলও হেরেছে পাঁচ উইকেটের ব্যবধানে।
নিজের খেলা প্রথম ম্যাচে এক উইকেটের দেখা পেয়েছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে একেবারে শূন্য হাতেই ফিরলেন। ঘুর্ণীজাদুটা যেন মনে করতে পারছেন না রিশাদ, পিএসএলটা এখনও পর্যন্ত রঙহীন তাঁর জন্য।

Share via:











