বেজায় চটে গিয়ে পিসিবিকে হুমকি দিয়েছেন রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট বোর্ডে চেয়ারম্যান মহসিন নাকভির সাথে আলোচনার অপেক্ষায়। হুমকি নিয়ে প্রস্তুত তিনি। তার চাই আরও শক্তি, নতুবা অধিনায়কত্ব ছেড়ে দেবেন তিনি।

হট্টগোল ছাড়া পাকিস্তানের ক্রিকেটকে কল্পনাই করা যায় না। এবার সেই হট্টগোলের সূত্রপাত ঘটালেন মোহাম্মদ রিজওয়ান। বেজায় চটেছেন পাকিস্তানের বর্ষীয়ান এই ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডে চেয়ারম্যান মহসিন নাকভির সাথে আলোচনার অপেক্ষায়। হুমকি নিয়ে প্রস্তুত তিনি। তার চাই আরও শক্তি, নতুবা অধিনায়কত্ব ছেড়ে দেবেন তিনি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। সেটা নিয়েই তিনি কৈফিয়ত চাইবেন বোর্ড চেয়ারম্যানের কাছে। তাছাড়া ওয়ানডে দলের একাদশ নিয়েও কথার লড়াই হয়েছে তার প্রধান কোচ আকিভ জাভেদের সাথে।

সে জন্যেই মূলত তিনি চেয়ারম্যানের কাছে অধিনায়কের এখতিয়ার ঠিক কতটুকু সেই বিষয়ে প্রশ্ন রাখতে চান- পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম মারফত এমন খবরই ভেসে আসছে।

পাকিস্তানের টি-টোয়েন্টি ফরম্যাটে পরিবর্তন আনতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সে ধারাতেই রিজওয়ানের পাশাপাশি বাবর আজমকেও টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়। যদিও ওয়ানডে দলে তারা দুইজনই আবার ফিরেছেন। কিন্তু তাতে সন্তুষ্ট নন পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক রিজওয়ান।

তাছাড়া একাদশ নির্বাচনের ক্ষেত্রে কোচের সমপরিমাণ দায়িত্ব রয়েছে অধিনায়কের। কিন্তু আকিভ জাভেদ খর্ব করছেন রিজওয়ানের হস্তক্ষেপ করবার শক্তিকে। ঠিক সে কারণেই অধিনায়কত্ব ছাড়ার হুমকি দিয়ে রেখেছেন রিজওয়ান।

পাকিস্তান ক্রিকেটের অন্দরমহল হরহামেশাই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যায়। আর সেই প্রভাবটা পড়ে মাঠের ক্রিকেটে। পারফরমেন্সের বালাই নেই, তবুও যেন কারও ভ্রুক্ষেপ নেই। বরং নিজ নিজ ফরমাইশ পূরণের জন্যে পাকিস্তান ক্রিকেটের স্বার্থকে বিকিয়ে দিতেও দ্বিধা নেই কারও।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link