রোহিত শর্মা যেখানেই হাত দিচ্ছেন সেখানেই যেন সোনা ফলছে। তিনি জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর থেকে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন ফরম্যাটের বিশ্বকাপে ফাইনাল খেলেছে ভারত। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছে তাঁরা, আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুললো। যদিও ফাইনালের আগে গুঞ্জন উঠেছিল তাঁর অবসর নিয়ে, এটাই ওয়ানডেতে তাঁর শেষ ম্যাচ এমনটা বলেছিলেন অনেকে।
তবে সেরকম কিছু হয়নি, ম্যাচ শেষে রোহিত জার্সি তুলে রাখার ঘোষণাও দেননি। উল্টো সমর্থকদের জানিয়ে রেখেছেন আরো কয়েকটা দিন আছেন তিনি; ভারতীয় দলকে আরো কিছু ভাল মুহূর্ত উপহার দিতে চান।
ম্যাচ শেষে এই ব্যাটার বলেন, ‘আরেকটা কথা, এ ফরম্যাট থেকে আমি এখনি বিদায় নিচ্ছি না। এজন্য বলে রাখলাম যেন আর কোন গুজব না ছড়ানো হয়।’

এই ডানহাতির বয়স এখন ৩৭, শরীরে মেদ বেড়েছে অনেকটা। ফিটনেসেও সেটার প্রভাব পড়েছে। তবে ফর্মে এতটুকু মরিচা পড়েনি, তিনি পড়তে দেননি। বরং খেলার ধরন বদলে আরো ভয়ংকর হয়ে উঠেছেন। আগের মত বড় ইনিংস খেলার পরিকল্পনা থেকে সরে দলকে উড়ন্ত শুরু এনে দেয়ার দিকেই এখন মনোযোগ তাঁর।
ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ সবসময়ই রোহিতের আগ্রাসী শুরু টিম ইন্ডিয়াকে বাড়তি সুবিধা দিয়েছে প্রতিপক্ষের তুলনায়। চ্যাম্পিয়ন্স ট্রফির স্লো উইকেটেও তিনি খেলেছেন নব্বইয়ের ওপর স্ট্রাইক রেটে। দিন শেষে এই ইনিংসটাই আসলে ব্যবধান গড়ে দিয়েছে। ম্যাচসেরার পুরষ্কার তো আর এমনি এমনি পাননি।
রোহিত থাকছেন আপাতত, কিন্তু ক’দিন? হয়তো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ? এত এত অর্জনের মাঝে আরাধ্য ওয়ানডে বিশ্বকাপ তো জেতা হয়নি তাঁর, পড়ন্ত বেলায় সেই অতৃপ্তি মেটানোর চেষ্টা করবেন বোধহয়।











