বাংলাদেশ প্রিমিয়ার লিগে নামজাদা বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি খুবই কম থাকে। যারা আসেন তাদের অধিকাংশই পাকিস্তানি তারকা। তবে এবার সেই তারকদের পুরো আসরে আর পাওয়া যাচ্ছে না। কারণটা যে সময়সূচি, জাতীয় দলের দায়িত্ব আর আন্তর্জাতিক প্রতিযোগিতার চাপ একসাথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএল, ২৩ জানুয়ারি শেষ হওয়ার কথা, পাকিস্তানের আন্তর্জাতিক ম্যাচসূচীর সাথে মিলে যায়। জানুয়ারির ৭, ৯, ১১ তারিখে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, এরপর জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও তিনটি টি-টোয়েন্টি। এই সিরিজ শেষে আবার শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ প্রস্তুতির জন্য ছুটবে পাকিস্তান দল।

তাই দলটির স্কোয়াডে সুযোগ পাওয়া খেলোয়াড়দের চলে যেতে হবে মাঝপথেই। সিলেট টাইটান্সের ওপেনার সায়িম আইয়ুব বিপিএলের অধিকাংশ ম্যাচ মিস করবেন। মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, এরা সবাই ক্ষণিকের অতিথি হয়েই আসবেন বিপিএলে।
তাই তো বড় নামগুলোর প্রস্থানে বিপিএল কিছুটা জৌলুস হারাবে। সেই সাথে সেরা খেলোয়াড়দের হারিয়ে বিপাকে পড়বে দলগুলো। নতুন করে যে খুঁজতে হবে বিকল্প।

বিপিএল এমন সময় মাঠে গড়ায় যখন আন্তর্জাতিক ব্যস্ত সূচির সাথে লড়াই করতে হয়। শুধু তাই নয়, টক্কর দিতে হয় বড় সব ফ্র্যাঞ্চাইজির সাথেও। মাঠের খেলার পাশাপাশি চলে খেলোয়াড়দের সময় মেলানোর কঠিন খেলা। রঙহীন হয়ে পড়ে বিপিএলের মঞ্চটাও।











