কোথাও যেন হিসাবটা মিলছিল না, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯ তম আসরটাতে পায়ের তলার মাটি খুঁজে পাচ্ছিলেন না ফিল সল্ট। অবশেষে সেটা পেয়ে গেলেন। বিধংসী মেজাজে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন।
আগের তিন ম্যাচে আশানুরূপ ফলাফল করতে পারেননি। ছিল না একটাও ফিফটিও। অবশেষে মুম্বাই ইন্ডিয়ান্সকে পেয়ে নিজের আসল রূপে ফিরে আসলেন ফিল সল্ট।
৮, ৪৬ আর ০; আগের তিন ম্যাচে সল্টের এই স্কোরটা কোনভাবেই সল্টসুলভ হচ্ছিল না। নিজেও বোধহয় স্বস্তি পাচ্ছিলেন না।

ফিল সল্ট এমনই এক ব্যাটার যিনি রানের ক্ষুধা নিয়ে বেঁচে থাকতে পারেন না বেশিদিন। রান না করলে যেন মন ভরে না ইংলিশ এই ওপেনারের।
মুম্বাইয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে তাই আক্রমণ চালাতে শুরু করেন একেবারে শুরু থেকেই। জসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট থেকে শুরু করে মিচেল স্যান্টনার, বোলারের নাম যত বড় হোকই না কেন সেদিকে ফিরে তাকাননি সল্ট।
সকল মহাকাব্যেরই সমাপ্তি থাকে। সল্টকেও থামতে হয়েছে এক সময়। কিন্তু, এর আগেই মুম্বাইয়ের বোলারদের তুলোধনা করে চার আর ছক্কা মেরেছেন সমান ছয়টি করে। ৩৬ বলে ৭৮ রান করে ফিরেছেন শার্দুল ঠাকুরের বলে।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ফিল সল্ট যেকোনো দলের জন্য নির্ভর করার মতো এক ব্যাটার। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেবেন এটাই তাঁর কাজ। সেটাই করলেন এই ম্যাচে এসে। জানিয়ে দিলেন, পায়ের তলার মাটি খুঁজে পেয়েছেন তিনি।










