স্রেফ দ্বিতীয় দফা ইংলিশ কোন বোলার টি-টোয়েন্টিতে পেলেন হ্যাটট্রিকের দেখা। ক্রিস জর্ডানের পর স্যাম কারেন ভাসলেন হ্যাটট্রিকের আনন্দে। পরপর তিন বলে লঙ্কানদের তিন উইকেট তুলে নেন বা-হাতি এই অলরাউন্ডার। বল হাতে নিজের বাজে দিনটাকে বানিয়ে ফেললেন ভীষণ ‘স্পেশাল’।
বৃষ্টির বাঁধায় দীর্ঘক্ষণের অপেক্ষা শেষে খেলা গড়ায় মাঠে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা। শুরুর ওভারে দুই বাউন্ডারি হজম করে দিন শুরু করেন স্যাম কারেন। ভোরের সূর্য নাকি পুরো দিনের আগাম বার্তা দেয়। আর কারেনের আকাশ জুড়েই ছিল পাল্লেকেলের মেঘ।

দুই ওভারে ৩৫ রান হজম করলেন। মেঘ ঘন হয়ে রানের প্রবল বর্ষণ হল প্রতিপক্ষের স্কোরবোর্ডে। কিন্তু স্যাম কারেন নিজ হাতে মেঘ সরিয়ে সূর্যালো নামিয়ে আনলেন নিজের উপরে। শ্রীলঙ্কার হয়ে লড়াই করতে থাকা দাসুন শানাকাকে ফেরান তিনি নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলে।
মিড অফে দাসুনকে আটকে ফেলার আগে, স্যাম সহ্য করেছিলেন পাঁচটি চার ও দুইটি ছক্কার বেধম প্রহার। সেখান থেকে ফেরত এসে একটি উইকেট প্রাপ্তিতেই তিনি চাইলেই সন্তুষ্ট হতে পারতেন। কিন্তু তিনি বল হাতে দিনটা শেষ করতে চাইলেন গুড নোটে। তাইতো পরের বলে মাহিশ থিকসানার উইকেটও তুলে নেন।

হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি সহজাত কাজটাই করলেন। স্ট্যাম্প বরাবর বল ছুড়লেন। ফুলার সেই বলটাতে উড়ে গেল মাথিশা পাথিরানার উইকেট। স্যাম কারেনও ততক্ষণে দু’হাত প্রসারিত করে উড়তে চাইলেন হ্যাটট্রিকের আনন্দে। কেননা ইতিহাসের এক বিশেষ পাতায় তিনি জুড়ে নিলেন নিজের নামটি। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় হ্যাটট্রিক। ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ের দারুণ অভিব্যক্তি।











