সানরাইজার্স হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যালস, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে এই দুই দলের লড়াই মানেই রানের বন্যা। ব্যাটারদের উৎসব, বোলারদের পরীক্ষা। তবে সেই উত্তেজনাকেও ছাপিয়ে চোখ ছিল আরও বড় এক দ্বৈরথে, অভিষেক শর্মা বনাম বৈভব সুরিয়াভানশি। দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই বিস্ফোরক ব্যাটিং দানব। কিন্তু প্রতীক্ষিত সেই আগুনঝরা লড়াইয়ের দিনে, দুজনেই যেন নিজেদের ছায়া হয়ে রইলেন।
ভারতের দুই ব্যাটিং বিস্ময়, অভিষেক আর বৈভব। নিজেদের দিনে কী করতে পারেন, সেটা সবারই জানা। নিজেদের খেলা শেষ ম্যাচেও দুজনেই ছিলেন ভয়ানক এক টর্নেডো। পাঞ্জাব কিংসের বিপক্ষে অভিষেকের শেষ ইনিংসটা ২৮ বলে ৭৪ রানের। অন্যদিকে বৈভব যেন আরেক কাঠি সরেশ, শেষ ম্যাচে করেছিলেন ২৬ বলে ৭৮।

দুজনের এমন ফর্মটা তাই উন্মাদনার আগুনে ঘি ঢেলে দিয়েছিল। দুই ব্যাটিং দানব একে অপরের মুখোমুখি হলে কী হয়, সেটা দেখার জন্যই অপেক্ষা করছিল হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। টিভি সেটের সামনে আয়োজন করে ঝড় দেখার অপেক্ষাই ছিল সবার। তবে সেটা আর হলো কই!
এদিন আগে ব্যাট করে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার স্বপ্নে বিভোর যখন হায়দ্রাবাদ, তখনই ইনিংসের প্রথম বলে জোফরা আর্চারের শিকার হয়ে ফিরে যান অভিষেক, আনন্দের একটা উপলক্ষ তাঁর সাথে ফিরে যায় সাজঘরে। যদিও দিনশেষে হায়দ্রাবাদের স্কোরবোর্ডে আসে ২১৬ রানের পুঁজি।

লক্ষ্যটা বড়, সেই সাথে আরেকটা রোমাঞ্চকর তাড়ার গন্ধ পেতে শুরু করেছিলেন সবাই। অভিষেক পারেনি তো কী হয়েছে, বেবি মনস্টার বৈভব তো আছে। তবে এখানেও সৃষ্টিকর্তা এক অদ্ভুত পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন। দুই দানবের এক পরিণতি আশ্চর্যভাবে একই হলো। নিজের প্রথম বল খেলতে নেমেই বৈভব ক্যাচ তুলে দিলেন। শূন্য হাতেই ফিরে গেলেন। সময়টা বড় অদ্ভুত, বড় নির্মম হয়ে থাকল এই দুই ব্যাটিং বিস্ময়ের জন্য।
Share via:











