ক্যারিয়ারে ফর্মের তুঙ্গে রয়েছে শাহিবজাদা ফারহান। উইকেটের চারিপাশে দৃষ্টিনন্দন সব শটের পসরা সাজিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের ওপেনার। পেশওয়ার জালমির বোলারদের নাস্তানাবুদ করে তুলে নিয়েছেন নিজে ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি সেঞ্চুরি। মাত্র ৫০ বলে শতক তুলে নিয়ে বড় মঞ্চে নিজের সক্ষমতার জানান দিলেন ফারহান।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান ধুকছে বেজায়া বাজেভাবে। যার মূল কারণ তাদের টপঅর্ডারের কচ্ছপ গতির রান তোলার ধরণ। সেই ধারা থেকে বেড়িয়ে আসতে চাইছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টও। তাইতো তারা সর্বশেষ সিরিজে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের মত নামকেও বাদ দিতে দ্বিধা করেনি।
আর এমন পদক্ষেপেই যেন নতুন উদ্দ্যম খুঁজে পেয়েছেন শাহিবজাদা ফারহান। দীর্ঘদিন ধরেই তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের জাত চিনিয়ে আসছেন। যদিও জাতীয় দলে পাওয়া সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন।

সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঠিক তার পরপরই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। চলতি বছরের মার্চে শেষ হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টেও আগ্রাসনের ভয়ংকর চিত্র একেছিলেন ডানহাতি এই ব্যাটার।
তিনটি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে। সেই একই ধারা তিনি অব্যাহত রাখলেন পাকিস্তান সুপার লিগের মঞ্চেও। ১৩টি চার আর পাঁচটি ছক্কার মার এসেছে তার ব্যাট থেকে। ২০০ এর বেশি স্ট্রাইকরেটে তিনি শতক হাঁকিয়েছেন বাবর আজমের পেশওয়ার জালমির বিপক্ষে।
১০৬ রানের মাথায় আউট হয়েছেন তিনি। কিন্তু ততক্ষণে নিজের দক্ষতা আর সক্ষমতা ও দৃঢ়তার বর্ণিল প্রদর্শনী করে ফেলেছনে শাহিবজাদা ফারহান। এখন নিশ্চয়ই তার একটাই প্রাথর্ণা- ধারাবাহিক হওয়া। কেবল তবেই তাকে আর উপেক্ষা করা সম্ভব হবে না। এমন তুখোড় মারকুটে ব্যাটাররাই তো হতে পারেন পাকিস্তানের মুক্তির পথ।











