রানের পাহাড় জমেছে, মাথায় জমেছে চাপ, তবে শাহিবজাদা ফারহানকে ছুঁতে পারল না কোনো কিছুই। সেঞ্চুরি হাঁকালেন, চুপচাপ নিজের কাজটা করে গেলেন। একেবারে মাপা চেজ যাকে বলে, সেটার এক বাস্তব উদাহরণ টেনে আনলেন সবার সামনে। মুলতান সুলতানকে একা হাতে জেতালেন ছয় উইকেটের ব্যবধানে।
হায়দ্রাবাদ কিংসম্যান স্কোরবোর্ডে তুলেছে ২২৫ রান। জিততে হলে সরাতে হবে বিশাল এক পাহাড়। এই ভার কে নেবে? মাঝসমুদ্রে দিকভ্রান্ত জাহাজকে কে নেবে ভেড়াবে তীরে?
এগিয়ে এলেন এক তরুণ নাবিক, অনিশ্চিত যাত্রার সব দায়িত্বভার নিজের কাঁধে চাপিয়েই ছুটতে থাকলেন। তাঁকে কেউ থামানোর নেই, বাধা-বিপত্তি যায় আসুক, বাইশ গজটা আজ তাঁর একার।

অভিজ্ঞ সেনানী স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে গড়লেন ১০৪ রানের জুটি, তাও আবার আট ওভারে। দুজনেই রানের ঘোড়া ছুটিয়েছেন সমান তালে। তবে মাঝপথে বন্ধু হারিয়ে গেলেও পা হড়কাননি ফারহান।
২৫ বলে ফিফটি এসেছে, তবে দায়িত্বের বোঝা যেহেতু কাঁধে, থামার যে জো নেই আর। এরপর হিসাব কষে চলতে থাকলেন জয়ের উদ্দেশে। প্রতিপক্ষ বোলারদের সুযোগ দিলেন না একটুও। তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার তাঁর হাতে এসে ধরা দিল অনায়াসে।
৫৭ বলে ১০৬ রানের এক অনবদ্য মহাকাব্যের জন্ম দিলেন ফারহান। শেষটা করলেন দাঁড়িয়ে থেকে বাদশাহসুলভ মেজাজে, একেবারে ছক্কা হাঁকিয়ে। ওটাই একটা স্টেটমেন্ট, সময়টা শাহিবজাদা ফারহানের নামে লিখে দাও।

Share via:










