সাকিবের প্রত্যাবর্তনের রূপরেখা আঁকছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানকে ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা এখন নতুন মোড় নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার আর ইঙ্গিত নয়, স্পষ্ট পরিকল্পনার দিকেই এগোচ্ছে। সাকিবের সম্ভাব্য প্রত্যাবর্তনের সময় হিসেবে উঠে এসেছে মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানকে ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তা এখন নতুন মোড় নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার আর ইঙ্গিত নয়, স্পষ্ট পরিকল্পনার দিকেই এগোচ্ছে। সাকিবের সম্ভাব্য প্রত্যাবর্তনের সময় হিসেবে উঠে এসেছে মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ।

বোর্ড পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবকে ফেরানোর বিষয়টি একটি চলমান ও বাস্তব পরিকল্পনার অংশ। বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে সাকিবের সঙ্গে। মার্চে পাকিস্তানের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগেই তাকে দলে ফেরানোর লক্ষ্য স্থির করা হয়েছে।

সাকিবের প্রত্যাবর্তন কেবল একটি বিদায়ী অধ্যায়ে সীমাবদ্ধ থাকা উচিত নয় – এমনটাই মনে করেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার মতে, সাকিব চাইলে সীমিত ফরম্যাটে মনোযোগ দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলার বাস্তব সুযোগ রয়েছে। আধুনিক ক্রিকেটে ওয়ার্কলোড ব্যবস্থাপনার উদাহরণ টেনে আশরাফুল বলেন, ৩৭-৩৮ বছর বয়সে বিশ্বকাপ খেলা কোনো অস্বাভাবিক বিষয় নয়।

সাকিবের প্রধান উদ্বেগ ব্যক্তিগত নিরাপত্তা ও তার বিরুদ্ধে থাকা হয়রানিমূলক মামলাগুলো, যেগুলো বর্তমানে সরকারের বিবেচনাধীন। বিসিবি জানিয়েছে, এসব আইনি বিষয় বোর্ডের এখতিয়ারে না পড়লেও সরকারকে বিষয়টি জানানো হয়েছে। বোর্ডের অধিকাংশ সদস্য সাকিবকে ফেরানোর পক্ষে একমত বলেও নিশ্চিত করেছেন আসিফ আকবর।

বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তিনি, যা তার ফিটনেস ও ম্যাচ রিদম ধরে রাখার প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাকিব নিজে অবশ্য ভবিষ্যৎ নিয়ে এখনো স্পষ্ট কিছু বলতে চাননি। বিসিবির ঘোষণার পর নিজের স্বভাবের সাথে মিল রেখে শুধু বলেছেন, ”দেখা যাক কী হয়!”

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাকিব যেন মার্চেই লাল-সবুজের জার্সি গায়ে মাঠে ফেরেন, এই প্রত্যাশাই থাকবে টাইগার সমর্থকদের। আর সেই প্রত্যাবর্তন কি হতে যাচ্ছে বিদায়ী সিরিজ? নাকি সাকিব আল হাসানের নতুন অধ্যায়ের শুরু, সেই প্রশ্নটাই দোলা দিচ্ছে এখন বাংলাদেশি ভক্তদের মনে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link