সাকিব আল হাসান আবার মাঠে ফিরছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই ফেরিওয়ালাকে কিছুদিন পরপরই বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট খেলতে দেখা যায় । এবার দেখা যাবে সুইডেনের মাঠে।
নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টিতে এই বাঁহাতি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে উপসালা টাইগার্স। ছয় দলের এই টুর্নামেন্টের এটাই প্রথম আসর। শুরু হবে জুনের ১৫ তারিখ, ২০ জুনের ফাইনাল দিয়ে সমাপ্তি।
সাকিব আল হাসান থাকবেন আর বিচিত্রতাপূর্ণ কোনো বিষয় থাকবে না তা তো হয় না। সাকিব থাকলেই সাধারণের বাইরে গিয়ে কিছু না কিছু বিশেষ হয়ে যায় সবসময়ই। এই টুর্নামেন্টও এর বাইরে নয়।

সাকিবের সাথে একই দলে খেলবেন সিরাজ খাদেম নিপু। নামটা চেনা নয় নিশ্চয়ই। চেনার কথাও নয়। সিরাজ তেমন বড় কোনো নামই না।
তবে, তার কথা বলছি কেন? বলছি এই কারণে যে এই ব্যক্তিটি সাকিব আল হাসানের বাল্যকালের বন্ধু। ছোটবেলায় দুজনে একসাথে অনেক খেলেছেন।
কিন্তু, ২০০৯ সালের পর আর দুজনের একসাথে মাঠে নামা হয়নি। সাকিব এরপর দিনে দিনে বিশ্বসেরা অলরাউন্ডারে পরিণত হয়ে গেছেন। সিরাজ খুব বেশি বড় কিছু করতে না পারলেও খেলা ছেড়ে দেননি পুরোপুরি।

মাঝখানে কেটে গেল প্রায় ১৭ বছর। পৃথিবীটা গোল প্রমাণ করে দিয়ে দুজনে আবার একসাথে একই দলে খেলতে নামবেন। দুই বন্ধু নিশ্চয়ই চাইবেন নিজেদের এই পুনর্মিলনীটা সুন্দর করে সাজাতে।









