দেশে ফিরছেন সাকিব আল হাসান। এমন গুঞ্জন দেখতে যাচ্ছে বাস্তবতার মুখ। সাকিবকে দেশে আনার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সরকারি দপ্তরে আইনজীবীরা তাঁর কাগজপত্র জমাও দিয়েছেন। সাকিব এখন ওমরাহ করতে গেছেন। কথা রয়েছে, সেখান থেকে সরাসরি উঠবেন দেশের বিমানে।
কথা চলছিল দ্রুতই দেশের মাটিতে পা রাখবেন সাকিব। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তোড়জোড় করেই যখন ঘোষণা করল সাকিবকে ফেরাতে আপত্তি নেই তাদের। সেদিন থেকেই মূলত সাকিবের ফেরার দিন গণনার সূচনা ঘটেছে।

মাঝের সময়টাতে বেশ কিছুদিন পেরিয়েছে। রাজনৈতিক পালাবদল দেখেছে দেশের মানুষ। এরপরই আরও জোরালো হয়ে ওঠে একটা প্রশ্ন, সাকিব তবে ফিরবেন কবে? পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফেরানোর কথা ভেবে রেখেছিল বিসিবি। যদিও সেখানে অনেক যদি-কিন্তুর হিসাব ছিলই। আইনি জটিলতা পাশ কাটিয়ে সাকিবের প্রত্যাবর্তনটা নেহাত কম ঝক্কির নয়।
তবে সব আশঙ্কার মেঘ কেটে যাওয়ার সেই আরাধ্য সময়টা এসেই পড়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ওমরাহ পালন শেষেই ফিরে আসছেন সাকিব। আগাম প্রস্তুতিও নেওয়া হচ্ছে সেভাবেই।

১২ মার্চ থেকে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সব যদি পরিকল্পনামাফিক হয় তবে সেখানেই দেখা মিলবে সাকিবের। আবারও লাল-সবুজ জার্সি গায়ে মাঠ মাতাতে দেখা যাবে সময়ের সেরা এই তারকাকে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে, অপেক্ষার প্রহর ফুরিয়ে এসেছে।











