শান্ত, এভাবেও আউট হওয়া যায়!

একটা দারুণ ইনিংসের সমাপ্তি নিদারুণভাবে। শান্তও হয়ত বুঝে উঠতে পারেননি, তিনি ঠিক কি করলেন!

বোলারের পায়ের গোড়ায় বল, তবুও নাজমুল হোসেন শান্ত বেড়িয়ে গেলেন দ্বিতীয় রান নেওয়ার উদ্দেশ্যে। নাহিদ রানা ভুল করেননি স্ট্যাম্প ভাঙতে। একটা দারুণ ইনিংসের সমাপ্তি নিদারুণভাবে। শান্তও হয়ত বুঝে উঠতে পারেননি, তিনি ঠিক কি করলেন!

দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে দূর্দান্ত ফর্মে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। রান সংগ্রহে তিনি অবস্থান করছেন সবার উপরে। ২০৩ রান এসেছে তার ব্যাট থেকে এখন অবধি। এছাড়াও এবারের আসরে প্রথম ও এখন অবধি একমাত্র সেঞ্চুরির মালিক রাজশাহী ওয়ারিয়ার্সের অধিনায়ক।

এদিন রংপুর রাইডার্সের বিপক্ষেও দুর্বার গতিতে রান তুলে যাচ্ছিলেন শান্ত। আউট হওয়ার আগে অবধি ৩০ বলে ৪১ রান এসেছে তার ব্যাট থেকে। চার হাঁকিয়েছেন পাঁচটি, ছক্কা এসেছিল দুইটি। কিন্তু নাহিদ রানার একটি বলে তিনি গণ্ডগোল পাকিয়ে ফেললেন। তার ও শাহিবজাদা ফারহানের ৯৩ রানের জুটিতে ভর দিয়ে রাজশাহী বড়সড় সংগ্রহের দিকে অগ্রসর হচ্ছিল।

নাহিদের অফ স্ট্যাম্পের লাফিয়ে ওঠা বলকে পয়েন্টের দিকে ঠেলে দিলেন শান্ত। সেখানে খাজা নাফে ৩০ গজ বৃত্তের ভেতর বলের গতিপথ থামিয়ে দিয়ে বল ছুড়ে দেন বোলিং প্রান্তে। ততক্ষণে একরান পূর্ণ করে ফেলেছেন শান্ত ও ফারহান। বল যখন নাহিদের হাত লেগে ঠিক তার পায়ের কাছেই গড়াগড়ি খাচ্ছে, তখনই ক্রিজ ছেড়ে বেড়িয়ে এসেছেন।

নাহিদ কোন ভুলচুক না করেই, স্ট্যাম্প ভেঙে উচ্ছ্বাসে মেতে ওঠেন। হতভম্ব হয়ে শান্ত তখনও দাঁড়িয়ে আছেন। খানিকক্ষণের জন্য হয়ত তার মনোযোগের ঘাটতি ঘটেছিল। কিংবা তার মস্তিষ্কে কুয়াশা জমে গিয়েছিল। শান্ত কোনভাবেই নিজের এমন আচরণ মেনে নিতে পারছিলেন না। এভাবে অন্তত উইকেট বিলিয়ে দেওয়ার কোন মানে নেই। এমন আউটের কোন ব্যাখ্যা দাঁড় করানোও ভীষণ কঠিন।

এমন বাজেভাবে আউট হওয়ার পীড়া তাকে তাড়িয়ে বেড়াবে নিঃসন্দেহে। তিনি আরও একটি পঞ্চাশোর্ধ ইনিংসের কাছাকাছি অবস্থানেই ছিল। তাছাড়া তার ওমন বিদঘুটে আউটের কারণে দলের উপরও চাপ বেড়েছে। বিশাল সংগ্রহ তাই পরবর্তীতে মাঝারি মানের সংগ্রহতেই থেমেছে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link