অনুমিত ভাবেই শুভমান গিল আবারও ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন। এবার সহ-অধিনায়ক হিসেবে খেলবেন টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন যথারীতি সুরিয়াকুমার যাদব।
বেশ ঘটা করে ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(বিসিসিআই)। সেপ্টেম্বর ৯ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট। সেই আসরকে সামনে রেখে ভারতীয় দলে সবচেয়ে বড় খবর হল এই শুভমান গিল।
বোলিং আক্রমণে জসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদব ফিরছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। দু’জনেই সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কোয়াডে অভিষেক শর্মা, তিলক ভার্মা, জিতেশ শর্মা, ঋঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়াদের মতো শক্তিশালী ব্যাটিং ও অলরাউন্ডারদের সংযোজন দেখা গেছে।

মুম্বাই ব্যাটার শ্রেয়াস আইয়ারের জন্য এবার জায়গা হয়নি, যদিও তিনি আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংসের হয়ে চমক দেখিয়েছেন। নির্বাচক প্যানেলের প্রধান অজিত আগারকার স্বীকার করেছেন, শ্রেয়াসকে সুযোগ দিতে পারলে সেটা দলের জন্য ইতিবাচক হত।
এর বাদে শুভমান গিলকে জায়গা দিতে গিয়ে মূল স্কোয়াডে নেই যশস্বী জয়সওয়াল। অধিনায়ক সুরিয়াকুমার যাদব বলেন, ‘আমাদের চারপাশে দারুণ ক্রিকেটাররা আছে। তাদের দক্ষতার কারণে কাজটা সহজ হয়ে যায়।’ স্ট্যান্ড বাই তালিকায় আছেন যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ ও প্রসিধ কৃষ্ণ।
ভারতের স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণদের মিশেল রয়েছে। তবে সব চোখ এখন শুভমান গিলের ওপর। তিন ফরম্যাটেই অধিনায়কত্বে পাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন তিনি। দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁর কেন্দ্রীয় ভূমিকাও এখন স্পষ্ট।

- ভারতের এশিয়া কাপ স্কোয়াড: সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্ষিত রানা ও রিঙ্কু সিং।










