কিংবদন্তিদের নি:শব্দ প্রস্থান, সমালোচিত ভারতীয় ক্রিকেট!

ভারতীয় ক্রিকেটে যেন একের পর এক তারা খসে পড়ছে। রোহিত শর্মা, বিরাট কোহলি সবশেষে চেতেশ্বর পূজারা— নিঃশব্দেই প্রস্থান ঘটছে কিংবদন্তিদের। আর এই দায় পড়ছে ভারতের ক্রিকেট বোর্ডের উপর, সমালোচনার তীর ছুটে আসছে চারদিক থেকেই।

ভারতীয় ক্রিকেটে যেন একের পর এক তারা খসে পড়ছে। রোহিত শর্মা, বিরাট কোহলি সবশেষে চেতেশ্বর পূজারা— নিঃশব্দেই প্রস্থান ঘটছে কিংবদন্তিদের। আর এই দায় পড়ছে ভারতের ক্রিকেট বোর্ডের উপর, সমালোচনার তীর ছুটে আসছে চারদিক থেকেই।

সাবেক ভারতীয় অধিনায়ক ও প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত তো সরাসরি আঙুল তুলেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) দিকে।

তার মতে, রোহিত-কোহলি কিংবা পূজারার মতো ক্রিকেটাররা দেশের হয়ে অগণিত সাফল্য এনে দিয়েছেন। অথচ বিদায়ের সময় বোর্ড তাদের প্রতি ন্যূনতম সম্মানটুকুও দেখাতে পারেনি।

এ নিয়ে শ্রীকান্ত বলেন, ‘যে খেলোয়াড় দেশের হয়ে শত টেস্ট খেলেছে, সে তো নিঃসন্দেহে অসাধারণ। তাকে বিদায়ী ম্যাচের সুযোগ দেওয়া তো ন্যূনতম দায়িত্ব। কোহলি ও রোহিতের বিদায় যেভাবে হলো, তাতে বোঝাই যায় বড় ধরনের যোগাযোগ ঘাটতি ছিল।’

২০২৪-২৫ মৌসুমে রান খরায় ভুগছিলেন রোহিত। আইপিএলের মাঝপথে হঠাৎ ইনস্টাগ্রামে ঘোষণা দেন টেস্ট থেকে অবসর নেওয়ার। মাত্র পাঁচ দিনের ব্যবধানে বিরাট কোহলিও টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন একইভাবে। অথচ দুজনকেই তখন ইংল্যান্ড সফরে দেখা যাবে বলে ধরে নেওয়া হচ্ছিল। এর আগেই বোর্ডের নির্দেশ মেনে রণজি ট্রফিতেও অংশ নেন তারা।

শ্রীকান্ত আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেট কোহলির মতো ব্যাটারকে দীর্ঘদিন পাবে না। তাঁর বিদায়টা হওয়া উচিত ছিল আরও মর্যাদাপূর্ণভাবে।’

সম্প্রতি চেতেশ্বর পূজারাও বিদায় বলেছেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও তাঁর অবসরে ক্ষোভ প্রকাশ করেন শ্রীকান্ত। তিনি বলেন, ‘পূজারার ক্ষেত্রেও বোর্ডের উচিত ছিল স্পষ্ট আলোচনা করা। অন্তত একটি বিদায়ী টেস্ট আয়োজন করলে তার অবদান সম্মানিত হতো।’

একজন ক্রিকেটারের প্রথম হাতেখড়ি হয় সবুজ ঘাসের মাঠে। গুটি গুটি পায়ে অদৃশ্য এক ভয়কে সঙ্গী করে প্রথম পা রাখা এই বাইশ গজই তো কিংবদন্তি করে তোলে। অথচ বিদায়ী ম্যাচে দর্শকদের করতালির আওয়াজের সাথে মাথা উঁচিয়ে বিদায় বলার সুযোগ না পাওয়াটা বড্ড বেমানান।

তাই তো একটা প্রশ্ন থেকেই যায়— কেন একের পর এক কিংবদন্তি ক্রিকেটারকে বিদায়ী টেস্ট ছাড়াই বিদায় নিতে হচ্ছে?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link