চেন্নাইয়ের এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে ক্রিকেটীয় রোমাঞ্চ ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্ত। ট্রিস্টান স্টাবসের গ্লাভস পরিবর্তনের আর্জি নাকচ হওয়াকে কেন্দ্র করে দিল্লী ক্যাপিটালসের ড্রেসিংরুমে ক্ষোভের আগুন। মাঠেই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেল নীতিশ রানাকে।
চেন্নাই সুপার কিংসের দেওয়া ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির শুরুটা নড়বড়ে হলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন ট্রিস্টান স্টাবস। ৬০ রানের এক লড়াকু ইনিংস খেলে দিল্লিকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। তবে নাটকের শুরুটা হয় ১৯তম ওভারে।
প্রচণ্ড গরমে ঘামে ভিজে যাওয়া গ্লাভস পরিবর্তনের আবেদন জানান স্টাবস। ব্যাটের গ্রিপ ঠিক রাখতে না পারার কথা জানিয়ে আম্পায়ারের কাছে এই আবেদন করেন তিনি। কিন্তু রহস্যজনক কারণে সেই আবেদন নাকচ করে দেওয়া হয়।

এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন নীতিশ রানা। মাঠে গিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি। রানা স্পষ্ট জানান, ভেজা গ্লাভস নিয়ে খেলা একজন ব্যাটারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু আম্পায়াররা নিজ সিদ্ধান্তে অনড় থাকেন।
আম্পায়ারের সেই সিদ্ধান্তের রেশ না কাটতেই ১৯তম ওভারের তৃতীয় বলে জেমি ওভারটনের শিকার হন স্টাবস। মিড-অফের ওপর দিয়ে ওড়াতে গিয়ে নূর আহমেদের হাতে ক্যাচ দেন তিনি।
মাঠ ছাড়ার সময় ক্ষোভ ও আক্ষেপে নিজের গ্লাভস ও ব্যাট ছুঁড়ে ফেলে দেন এই প্রোটিয়া ব্যাটার। দিল্লীর ইনিংস শেষ পর্যন্ত ১৮৯ রানে থেমে যায়। সিএসকের হয়ে একাই চার উইকেট শিকার করেন জেমি ওভারটন।

এই জয়ের ফলে চার ম্যাচে এক জয় নিয়ে টেবিলের নবম স্থানে উঠে এল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, টানা দ্বিতীয় হারের মুখ দেখলেও দুই জয় নিয়ে টেবিলের চতুর্থ স্থান ধরে রেখেছে দিল্লী ক্যাপিটালস। তবে হার ছাপিয়ে এই ম্যাচে আম্পায়ারিংয়ের গুণগত মান নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল নীতিশ রানাদের এই প্রতিবাদ।











