নিউজিল্যান্ড সিরিজে ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি কী? উত্তর, সুরিয়াকুমার যাদবের ফর্মে ফেরা। হারিয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, দলের বোঝা, অধিনায়ক কোটায় খেলছেন। এসব সমালোচনার শব্দ যখন একজোট হয়ে ধেয়ে আসছে তাঁর দিকে, তখনই ছক্কা হাঁকালেন সুরিয়া। সীমানা দড়ির ওপারে গিয়ে পড়ল সবকিছু। সুরিয়া জানালেন, আমি ফিরে এসেছি আমার মেজাজে।
সিরিজের শেষ ম্যাচে উপহার দিলেন ৩০ বলে ৬৩ রানের ইনিংস। চার চার আর ছয় ছক্কায় স্ট্রাইক রেট ২১০। এই তো সেই সুরিয়াকুমার যাদব, যাকে গত দেড় বছর ধরে খুঁজে চলেছে ভারত। এই তো সেই সুরিয়া, যার কাঁধে ভারতের ভরসা।

যতক্ষণ ক্রিজে ছিলেন, ব্যাট করেছেন পুরোনো সুরে। নির্মমতার মাঝ থেকে বের করে নিয়ে এসেছেন অপার্থিব সৌন্দর্য। বোলারের কাছে কোনো জবাব নেই, শুধু চেয়ে দেখতে হয় সুরিয়া ম্যাজিক শো।
বিশ্বকাপের আগে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল একটা জায়গায়। অধিনায়কের ফর্ম নেই। এমন একজন সামনে থেকে নেতৃত্ব কীভাবে দেবেন দলকে? তবে সুরিয়া বিশ্বাস রেখেছিলেন নিজের ওপর, আস্থা ছিল ম্যানেজমেন্টেরও। সুরিয়াকুমাররা ফিরে আসতে জানে, এটা যে অঘোষিত এক সত্য।

নিউজিল্যান্ড সিরিজে পাঁচ ম্যাচে রান করেছেন ২৪২। ব্যাটিং গড় ৮০, স্ট্রাইক রেট ১৯৭। আছে তিন ফিফটি। অথচ ২০২৫ সাল জুড়ে ২১ ম্যাচ খেলে সুরিয়ার রান সংখ্যা ছিল মাত্র ২১৮। স্ট্রাইক রেট ১২৩ আর গড় মাত্র ১৩। নামের পাশে ছিল না কোনো ফিফটি। নতুন বছরটা যে শুরু করেছেন পুরোনো তেজ গায়ে চেপে, তাও আবার বিশ্বকাপের আগে। ভারতের জন্য এর থেকে স্বস্তিদায়ক আর কী-ইবা হতে পারে!











