ইতিবাচকতা নিয়ে হাজির সিলেট টাইটান্স

সবার আগে কোচিং প্যানেল নিশ্চিত করে ফেলা অন্তত ইতিবাচকতার ইঙ্গিত। এখন দেখার বিষয় শেষ অবধি কেমন হয়, সিলেট টাইটান্সের ফাইনাল স্কোয়াড। 

সিলেটের সাত নাম পেরিয়ে এবার অষ্টম নামে তারা হাজির হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চে। নতুন মালিকানা, নতুন নাম, নতুন উদ্যম। ফলাফল কি বদলাবে? সেটা অবশ্য সময়ই বলে দেবে। তবে ক্রিকেট উইথ সামি বরং নতুনত্বের চাদরে মুড়ে দিতে চান সিলেটকে। সে লক্ষ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

সে ধারাবাহিকতায়, ইতোমধ্যে তারা নির্ধারণ করে ফেলেছে তার অধিনায়ক। জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব। এছাড়াও দেশী-বিদেশী খেলোয়াড়দের ভেড়ানোর দিকেও ফ্রাঞ্চাইজিটি রেখেছে তীক্ষ্ম নজর। তবে শুধু তারকা খ্যাতির উপরই ভর করে নেই সিলেট টাইটান্স।

সে কারণেই সিলেটের ঘরের ছেলে, নাসুম আহমেদের মত কার্যকর স্পিনারকেও দলে ভিড়িয়েছে তারা। বর্তমান টি-টোয়েন্টি যুগটা অনেকটাই ব্যাটার নির্ভর। তাইতো বোলারদের উপর চাপটা থাকে বেশি। সেই চাপে নুইয়ে পড়া চরিত্র নয়, বরং সিলেট এগিয়েছে অভিজ্ঞতার দিকে। তাইতো পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকেও তারা দলে যুক্ত করার আপ্রাণ চেষ্টাতেই রয়েছে। গুঞ্জন রয়েছে আলাপ-আলোচনা প্রায় চূড়ান্ত। এছাড়া নিশ্চিত হয়েছেন ইংল্যান্ডের মঈন আলী, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

অন্যদিকে তাদের কোচিং প্যানেলও সবার আগেই চূড়ান্ত করে ফেলেছে সিলেট টাইটান্স। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন স্বদেশী সোহেল ইসলাম। বেশ প্রসিদ্ধ তিনি ঘরোয়া ক্রিকেট সার্কিটে। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের পরিচর্যাতেও তাকে নিযুক্ত থাকতে দেখা যায় হরহামেশাই।

অন্যদিকে বাংলাদেশের সাবেক পেসার সৈয়দ রাসেলকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছে টাইটান্স ফ্রাঞ্চাইজি। এছাড়া ফিল্ডিং কোচ হিসেবে ইংল্যান্ডের কাউন্টি অভিজ্ঞতা সম্পন্ন কিমস্লে রবকে নিয়োগ দিয়েছে। ব্যাটিং কোচ হিসেবে ইমরুল কায়েসের সাথে এখনও ফ্রাঞ্চাইজিটির দর কষাকষি চলমান। দু-একদিনের মধ্যে সেটারও ফয়সালা হবে পরিষ্কার।

আপাতত ফ্রাঞ্চাইজিটি বিদেশি খেলোয়াড়দের সাথে আলোচনা চলমান রেখেছে। ড্রাফটের আগেই তারা চমক নিয়ে হাজির হতে চায়। বেশ বড় বড় তারকার সাথে যোগাযোগ করলেও বাঁধা হয়ে দাঁড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি। তবে পূর্বের সকল ব্যর্থতা ভুলে সিলেটকে নব জাগরণের পথে ধাবিত করতে বদ্ধ পরিকর নতুন ফ্রাঞ্চাইজিটি।

জাতীয় দলকে খেলোয়াড় জোগান দিলেও এখনও বিপিএল শিরোপা যায়নি সিলেটের পুন্যভূমিতে। সে দুঃখ গোচানোর ব্রত নিয়ে রীতিমত আটঘাট বেঁধে নেমেছে ক্রিকেট উইথ সামি। সবার আগে কোচিং প্যানেল নিশ্চিত করে ফেলা অন্তত ইতিবাচকতার ইঙ্গিত। এখন দেখার বিষয় শেষ অবধি কেমন হয়, সিলেট টাইটান্সের ফাইনাল স্কোয়াড।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link