ছন্দে ফিরলেন তানজিদ হাসান তামিম। গত বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা পারফরমার এবার ছিলেন নিজের ছায়া হয়ে। কিন্তু অবশেষে ম্যাচ উইনিং নক এলো তামিমের ব্যাট থেকে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন তামিম। নিজের প্রথম ফিফটিতে দলের জয়কে একেবারে সুনিশ্চিত করেছেন বা-হাতি এই ওপেনার।
তানজিদ হাসান তামিম, বর্তমান সময়ে বাংলাদেশের জাতীয় দলের অন্যতম ভরসার জায়গা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার উপর রয়েছে বাংলাদেশের বিশাল প্রত্যাশা। কিন্তু সেই তামিম এবারের বিপিএলে ভীষণ ধুকছিলেন ব্যাট হাতে। সিলেট পর্বের শেষ ম্যাচে ঠিকই জ্বলে উঠলেন।
একেবারে নিজের স্বভাবজাত ভঙ্গিমায় ব্যাট চালিয়েছেন তামিম। বাউন্ডারির হুঙ্কার ছিল তার খেলা ৪৩ বলের ইনিংসটিতে। সাতটি চারের পাশাপাশি পাঁচটি বিশাল ছক্কা এসেছে তার ব্যাট থেকে। প্রায় ১৭৬ স্ট্রাইকরেটের ইনিংসটি তার সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে আরও একটিবার।

অথচ এবারের আসরে এই ম্যাচের আগে অবধি সাত ম্যাচে স্রেফ ৯০টি রান এসেছিল তার ব্যাট থেকে। কিন্তু বিপিএলে শুরু হওয়ার আগের ম্যাচটিতেই আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। বিপিএলে তার ফর্মের এমন অধঃপতন তাই দুশ্চিন্তার খোরাক জোগাচ্ছিল।
যেখানে জাতীয় দলে তার ওপেনিং সঙ্গী, পারভেজ হোসেন ইমন রয়েছেন দারুণ ছন্দে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনটি ফিফটি হাঁকিয়ে ফেলেছেন তিনি। ইমনের দারুণ ফর্মের বিপরীতে একেবারে নিষ্প্রভ সময় যাচ্ছিল তানজিদ হাসান তামিমের। অবশেষে তার ব্যাটে ৭৬ রানের ইনিংসের হাঁফ ছেড়ে বাঁচা গেল।
নতুবা বিশ্বকাপের বাকিসব ব্যাটারদের অফফর্মের মতই তামিমের ধারা অব্যাহত থাকলে, বিপদেই পড়ে যেত বাংলাদেশ জাতীয় দল। বিপিএলের শেষভাগে ছন্দ ফিরে পেলেও, বাকিটা সময় যেন এই ধারাই থাকে অব্যাহত- সেটাই তামিমের কাছ থেকে প্রত্যাশিত।












