জীবনে বাঁকে বাঁকে গন্তব্য বদলে যায়। এই যেমন তন্ময় শ্রীবাস্তবের কথাই ধরুণ না কেন। এতদিন অবধি তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটাঙ্গনের আর দশটা সাধারণ খেলোয়াড়দের একজন। কিন্তু এখন তিনি নতুন এক রেকর্ডের মালিক। বিরাট কোহলির সতীর্থ থেকে এখন তিনি বিরাটদের ম্যাচে করবেন আম্পায়ারিং।
২০০৮ সালে বিরাটের নেতৃত্বে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। সেই দলের অন্যতম সদস্য ছিলেন তন্ময় শ্রীবাস্তব। ফাইনালে তার করা ৪৬ রানের ইনিংসের কল্যাণেই লড়াই করবার মত পুঁজি জোগাড় করেছিল ভারত। এরপর অবশ্য পথ বেঁকে গেছে ভিন্ন দিকে। বিরাট হয়ে উঠেছেন বিশ্বনন্দিত ব্যাটার, তন্ময় সংগ্রাম চালিয়েছেন ঘরোয়া ক্রিকেটে।
তবে বিশ্ব জয়ের পুরষ্কার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জায়গা পেয়েছিলেন তন্ময়। কিংস ইলেভেন পাঞ্জাব তাকে দলে ভিড়িয়েছিল। তবে এরপর আর এই তল্লাটে পা রাখা হয়নি তার। কিন্তু এবার ভিন্ন পরিচয়ে আইপিএলে যুক্ত হচ্ছে তন্ময় শ্রীবাস্তব। ম্যাচ পরিচালনার গুরুদায়িত্ব নিয়ে তিনি মাঠে নামবেন।

আইপিএলের এবারের আসরে আম্পায়ার পুলে যুক্ত হয়েছে তন্ময়। আর এর মধ্য দিয়ে রেকর্ডের অংশ বনে গেলেন তিনি। এর আগে আইপিএল খেলা কোন খেলোয়াড় আম্পায়ারিং করেননি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটির মঞ্চে। তন্ময়ই হতে চলেছেন প্রথম।
তবে হুট করেই তিনি চলে আসেননি আইপিএলে। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেট খেলে গেছেন। বিরাট কোহলির মত অতিমানবীয় হওয়া তো সহজ নয়। তাইতো তন্ময় ২০২০ সালে খেলোয়াড়ী জীবনকে বিদায় জানালেন। তবে ক্রিকেট ছেড়ে খুব একটা দূরে থাকতে তিনি পারছিলেন না।
সেজন্যে আম্পায়ারিং পেশাকে বেছে নেন তিনি। গেল কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে আম্পায়ারের দায়িত্ব পালন করা তন্ময় এবার অন্তত বেশ বড়সড় একটা মঞ্চ পেলেন। চাপ থাকবে, চাপকে জয় করেই তন্ময় তরুণ বয়সে শিরোপা জিতেছিলেন, এবারও নিশ্চয়ই নিজের ছাপ ফেলে যেতে চাইবেন, কিংবা জীবন তাকে নিয়ে যাবে নতুন কোন এক বাঁকে।












