চার ওভারে খরচা করলেন মোটে আট রান, বিনিময়ে তানভীর ইসলামের শিকার ঢাকা ক্যাপিটালসের তিন ব্যাটার। স্পিনের মায়াজালে বুধ হয়ে থাকলো সবাই। তবে তানভীরের লড়াই যে অন্য জায়গায়, সেখানে প্রতিপক্ষ যে সময় আর নিয়তি।
তানভীরের স্পিন ছোবল ঢাকার ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন হয়ে এল যেন। নিজের ঝুলিতে উসমান খানকে পুরে শুরুটা করলেন। সেট ব্যাটারকে হারানোর ধাক্কাটা ঢাকা সইতে পারলো না আর। পরের ওভারে ফিরে এসে ঢাকার ক্যাপ্টান মোহাম্মদ মিঠুনকে দেখালেন সাজঘরের পথ। শেষটাতে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসা ইমাদ ওয়াসিমের জন্য একটা ওয়াইড করলেন, সেটাই পরিণত হলো উইকেটে।

চার ওভারে তানভীর দিলেন মাত্র আট রান। কোনো বাউন্ডারি মারতে পারেনি ব্যাটাররা। ১৬ টায় করেছেন ডট বল। কৃপণ বোলিংয়ের সাথে উইকেট বাগিয়ে নেওয়ার দীক্ষাটাও নিয়েছেন তানভীর। ব্যাটারদের জন্য বাইশ গজকে বানিয়েছেন কাটার মঞ্চ, যেখানে দাঁড়িয়ে থাকা দুসাধ্য।
বল হাতে তানভীর বরাবরই ব্যাটারদের জন্য ভীতিকর এক নাম। জাতীয় দল কিংবা ঘরোয়া সবখানেই নিজের সামর্থ্য দেখিয়েছেন তিনি। তবে তাতেও যে পরীক্ষা শেষ হয়ে যায়নি।
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেই দলে জায়গা পাওয়ার জন্য যে তাঁকে লড়াই করতে হবে সময়ের সাথে পাল্লা দিয়ে। টি-টোয়েন্টি দলে বাহাতি স্পিনারদের মধ্যে প্রথম পছন্দ নাসুম আহমেদ। তাঁকে টপকাতে হলে যে বিশেষ কিছু করতে হবে তানভীরের। সেটাই করে যাচ্ছেন তিনি। যার এক ঝলক ঢাকাকে ধসিয়ে দেওয়া এই চার ওভারের বোলিং কোটা।

Share via:











