তিন সিরিজ পর আবারও জাতীয় দলে ফিরলেন সৌম্য সরকার। তবে নির্দিষ্ট কোন পরিকল্পনার অংশ নন তিনি। লিটন দাসের ইনজুরি তার জন্যে খুলে দিয়েছে দুয়ার। অবশ্য এনসিএল টি-টোয়েন্টিতে তিনি ছিলেন রানের ধারাতেই- সে কারণেই সম্ভবত বিকল্প হিসেবে তাকেই পছন্দ নির্বাচকদের।
সৌম্য সরকার এক বিচিত্র চরিত্র। বাংলাদেশের ক্রিকেটে সম্ভাবনার প্রদীপ জ্বালিয়ে আগমন তার। তবে সেই অর্থের প্রদীপ পরিণত হয়নি উজ্জ্বল মশালে। তবুও জাতীয় দলে আসা-যাওয়ার মাঝেই রয়েছেন তিনি। থিতু হতে আর পারেননি। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে তিনি ছিলেন দলে।
কিন্তু সেখানে কোন ম্যাচ খেলার সুযোগ তার মেলেনি। মূলত ইনজুরিতে আক্রান্ত ছিলেন তখন। সর্বশেষ তিনি লাল-সবুজ জার্সিতে মাঠে নেমেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের বিপক্ষে আউট হয়েছিলেন শূন্যরানে। এরপর শ্রীলঙ্কা সফরে তিনি ছিলেন দলের বাইরে। ঘরের মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডস সিরিজেও জায়গা হয়নি সৌম্যর।

এর মাঝে তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন গ্লোবাল সুপার লিগ (জিএসএ)। তখন বাংলাদেশ দল ছিল শ্রীলঙ্কায়, পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে লঙ্কা দ্বীপে। জিএসএলে সেই অর্থে পারফরম করতে পারেননি। তবুও এশিয়া কাপের ভাবনাতে তিনি ছিলেন প্রবলভাবেই। যদিও নেদারল্যান্ডস সিরিজেও তিনি সুযোগ পাননি নিজেকে প্রমাণের।
এরপর যথারীতি দল চলে যায় এশিয়া কাপে। সৌম্যকে রাখা হয় স্ট্যান্ডবাই-তে। তিনি যোগ দেন এনসিএল টি-টোয়েন্টিতে খুলনা বিভাগীয় দলে। সেখানে খেলেছেন দু’টো ম্যাচ। এক ইনিংসে ৩৪ বলে ৬৩ রান করেছেন রাজশাহী বিভাগের বিভাগের বিপক্ষে, আরেক ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে ৩৩ রান করেছেন ৪৫ বলে।
রানের ধারায় ফিরতে শুরু করেছেন- ঠিক সেই মুহূর্তে আবারও তার ডাক এসেছে জাতীয় দলে। দুই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তিনি যুক্ত হবেন জাতীয় দলের সাথে। কিন্তু যথারীতি এদফা তাকে ঘিরে নির্দিষ্ট কোন পরিকল্পনা নেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। স্রেফ একজন ব্যাটারের পরিবর্তে আরেকজন ব্যাটারকে স্কোয়াডে যুক্ত করা।

দীর্ঘমেয়াদি কোন পরিকল্পনায় যে তিনি নেই- সে বাস্তবতা হয়ত সৌম্যও উপলব্ধি করে ফেলেছেন। তাকে নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা থাকলে এশিয়া কাপেই হয়ত দেখা যেত বা-হাতি এই ব্যাটাররা। তাছাড়া ভবিষ্যতের ভাবনা থেকে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের উপরই ওপেনিংয়ের দায়িত্বভার ছেড়ে দিতে চায় টিম ম্যানেজমেন্ট। সে ভাবনাও স্পষ্ট। অতএব স্রেফ বদলি হিসেবেই আরব আমিরাতে উড়াল দিচ্ছেন সৌম্য।











