ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে ঘটে গেছে এক বিতর্কিত ঘটনা। দিগভেশ রাঠি মানকাড আউট করতে চেয়েছিলেন প্রতিপক্ষ জিতেশ শর্মাকে। তার আবেদনের প্রেক্ষিতে নট আউট সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার। কিন্তু সেখানেই বরং তিনি করে ফেলেছেন মস্ত বড় ভুল।
আইপিএলের ৩৮.৩.১ ধারা অনুযায়ী, একজন বোলার তার রিলিস পয়েন্টে পৌঁছানোর আগে যদি ননস্ট্রাইক প্রান্তের ব্যাটার ক্রিজ ছেড়ে বেড়িয়ে যান, তবে বোলার চাইলে সেই ব্যাটারকে রানআউট করতে পারবেন। এক্ষেত্রে ব্যাটার স্ট্যাম্প ভাঙার সময় পপিং ক্রিজের বাইরে থাকলে তিনি আউট বলে বিবেচিত হবেন।
কিন্তু জিতেশ পপিং ক্রিজের বাইরে থাকার পরও আম্পায়ার দিয়েছিলেন ‘নটআউট’ সিদ্ধান্ত। যদিও ততক্ষণে সেই ভুলের উপর একটা প্রলেপ লেপে দিয়েছিলেন ঋষাভ পান্ত। তার উদার মানসিকতা তিনি যতক্ষণে প্রকাশ করেছেন, ততক্ষণে আউটের আবেদন পর্যালোচনা করা শেষ। তবুও সকলের নজরে ঋষাভ হয়ে উঠেছে উদরতার প্রতীক।

কিন্তু আইন অনুসারে জিতেশ আউট ছিলেন। সেই মুহূর্তে আউটের সিদ্ধান্ত দেওয়াই হতে পারতে আইনসংগত। কেননা দিগভেশ রাঠি তার রিলিজ পয়েন্টে যাওয়ার আগেই রান আউট করেছিলেন জিতেশকে। ১৭ তম ওভারের ষষ্ঠ বলটা একটু ভালভাবে পর্যবেক্ষণ করলেই বিষয়টি হবে আরও পরিষ্কার।
দিগভেশ রাঠি তার কাঁধের কাছাকাছি জায়গা থেকে বল লোড করেছেন। কিন্তু রিলিস পয়েন্ট অর্থাৎ হাতের সর্বোচ্চ উচ্চতা, যে উচ্চতা থেকে বল সাধারণত ছোড়া হয়- সে উচ্চতার ধারেকাছেও যাননি। বরং তার আগেই তিনি স্ট্যাম্প ভেঙে আবেদন করেছেন।
সেই মুহূর্তে ১৯ বলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জয়ের জন্যে প্রয়োজন ছিল ২৯ রান। সেই উইকেটের পতন ঘটলে নিশ্চয়ই খেলার মোড় ঘুরে যেতে পারত। কিন্তু এক্ষেত্রে আম্পায়ারের ভুল আর ঋষাভ পান্তের স্পোর্টসম্যানশীপের কারণেই জিতেশ শর্মা বেঁচে ফেরেন। পরবর্তীতে জয়ে নায়ক বনে যান।












