আরও এক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দরজায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের যুবারা আরও এক স্বপ্নের দোরগড়ায়। সম্ভাব্য স্কোয়াড নিয়ে তাই আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। কারা থাকবেন, কারা বাদ পড়বেন তা একটু খতিয়ে দেখা যাক।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে যারা খেলেছেন, তাদের অধিকাংশ খেলোয়াড়কেই দেখা যাবে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। নির্বাচকদের ভাবনায় বড় কোনো রদবদল নেই, কেবল ফিটনেসের বাস্তবতায় একটি পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
চোটের কারণে এশিয়া কাপের পুরোটা সময় বাইরে থাকা অলরাউন্ডার আল ফাহাদ বিশ্বকাপ স্কোয়াডে ফেরার পথে। তাঁর প্রত্যাবর্তনে জায়গা হারানোর শঙ্কায় আছেন মোহাম্মদ সবুজ। এই একটি পরিবর্তন ছাড়া এশিয়া কাপের মূল স্কোয়াডই বিশ্বকাপে বহাল থাকছে বলে ধারণা করা হচ্ছে।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠবে ১৫ জানুয়ারি। তবে বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জানুয়ারি থেকে। ইতিমধ্যে কয়েকটি দেশ নিজেদের স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে স্কোয়াড জানাবে ১ জানুয়ারি।

এবারের আসরে অংশ নিচ্ছে ১৬টি দল, যাদের ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপেই চারটি করে দল। বাংলাদেশের গ্রুপটি মোটেই সহজ নয়। ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একই গ্রুপে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শক্তির ভারসাম্যে এই গ্রুপকে শুরু থেকেই ‘চ্যালেঞ্জিং’ হিসেবেই দেখছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। জিম্বাবুয়ের হারারেতে দুটি ভেন্যু এবং বুলাওয়েতে একটি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। পাশাপাশি নামিবিয়াতেও দুটি মাঠে বিশ্বকাপের লড়াই গড়াবে। এই আসরের মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে তানজানিয়া।
পুরো প্রতিযোগিতাজুড়ে ২৩ দিনে মাঠে গড়াবে মোট ৪১টি ম্যাচ। বাংলাদেশের জন্য একটি সুবিধার জায়গা হলো—গ্রুপ পর্বের সব ম্যাচই তারা খেলবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে, যেখানে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সুযোগ থাকবে।

সম্ভাব্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ স্কোয়াড-
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজওয়ান হোসেন, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি আলীন, ইকবাল হোসেন ইমন, রিফাত বিন শাহরিয়া আল-আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন ও আল ফাহাদ।
Share via:










