জিতলে টিকে থাকবে আশা, হারলেই এ যাত্রায় শেষ বিশ্বকাপ মিশন। এই সমীকরণের সামনে দাঁড়িয়ে রানের পাহাড় গড়ল যুক্তরাষ্ট্র, ৩১ রানে নামিবিয়াকে হারিয়ে বিদায়ের রাস্তা দেখিয়ে দিল।
এদিন টসে জিতে ব্যাটিংটাই বেছে নেয় যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য পরিষ্কার—স্কোরবোর্ডে বড় সংগ্রহ তুলে নামিবিয়ার সব সম্ভাবনা গুঁড়িয়ে ফেলতে হবে। ৬৮ রানের ওপেনিং জুটি সেই বার্তা আরও দৃঢ় করে তুলল। শায়ান জাহাঙ্গীর ইনিংস বড় করতে না পারার আক্ষেপে পুড়লেও সবটা পুষিয়ে দেন মোনাঙ্ক প্যাটেল এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি। দুজনের জোড়া ফিফটির সুবাদে যুক্তরাষ্ট্রের স্কোরবোর্ডে আসে ১৯৯ রান।

নামিবিয়ার জন্য লক্ষ্যটা কাটায় কাটায় ২০০। অসম্ভব নয়, তবে ভীষণ কঠিনই বলা যায়। সেই কঠিন কাজটা সহজ করার নেতৃত্ব দেন লরেন স্টেইনক্যাম্প। যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখেই লড়াই চালাতে থাকে নামিবিয়া। ওপেনিং জুটি থেকেই আদায় তুলে নেয় ৫৪ রান।
বলের সঙ্গেই পাল্লা দিয়ে রান তুলছিল। তবে শেষদিকে এসে চারপাশ ঘোলাটে করে ফেলে নামিবিয়া। স্টেইনক্যাম্প ফিরে যান ৫৮ রানের মাথায়, এরপরই আশার আলো একটু একটু করে নিভে যেতে থাকে।

এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বোলারদের কৃতিত্বটাও কম নয়। শেষমেশ ১৬৮ রানের মধ্যেই নামিবিয়াকে বেঁধে ফেলতে সক্ষম হয় তারা। ফলাফল, ৩১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বেঁচে থাকল সুপার এইটের একটি ক্ষীণ সম্ভাবনাও।











