প্রথমবারের মত ডাচদের হারাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগের তিনবারের দেখায়, প্রতিবারই পরাজিত হতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে। কিন্তু দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ঘটল না পুনরাবৃত্তি।

প্রথমবারের মত নেদারল্যান্ডসকে হারাল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগের তিনবারের দেখায়, প্রতিবারই পরাজিত হতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে। কিন্তু দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ঘটল না পুনরাবৃত্তি। দাপট দেখিয়ে ৯৩ রানের বিশাল জয় তুলে নিয়েছে মোনাঙ্ক প্যাটেলের দল।

ব্যাট হাতে সাইতেজা মুক্কামালা ও শুভম রাঞ্জানে, বল হাতে হারমীত সিং ও শ্যাডলি ভ্যান শ্যালকউইক- এই চারজন মিলেই মূলত ডাচ বধের কাব্য রচনা করলেন চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। আগের বিশ্বকাপেই পাকিস্তানকে হারানো যুক্তরাষ্ট্র, এবারের বিশ্বকাপেও মোকাবেলা করেছে হেভিওয়েট ভারত-পাকিস্তানকে। কিন্তু জয় আর পাওয়া হয়নি। কিন্তু তারা যে খালি হাতে ফেরত যেতে নারাজ।

সেই প্রত্যয় ফুটে উঠল নেদারল্যান্ডসের বিপক্ষে। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ১৯৬ রানের পাহাড় গড়েন যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। যার কৃতীত্ব সাইতেজা ও শুভামের। সাইতেজা ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলে যুক্তরাষ্ট্রকে রেখেছিলেন সঠিক পথে। শুভামের ২০০ স্ট্রাইকরেটের ৪৮ রান ২০০ ছাড়ানো লক্ষ্যের দিকেই নিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ অবধি ২০০ রানের সেই মানসিক গণ্ডি পেরুতে না পারলেও জয়ের জন্য ১৯৬ ছিল যথেষ্ট।

সেটা প্রমাণে মরিয়া হয়ে ওঠেন দলের বোলাররা। একেবারে ইনিংসের শুরুতেই ডাচদের করে ফেলেন কোণঠাসা। নেদারল্যান্ডসের দীর্ঘদিনের অভিজ্ঞতা এক ঠুনকো কুড়েঘর হয়ে মুহূর্তেই ভূলুন্ঠিত হয়। মাত্র ১০৩ রানেই তাদেরকে গুটিয়ে দেন শ্যালকউইক ও হারমীতরা।

হারমীত সিং নিজের পকেটে পুরেছেন চার খানা উইকেট। অন্যদিকে ধারাবাহিকভাবে পারফরম করে যাওয়া শ্যালকউইকের ঝুলিতে যুক্ত হয়েছে আরও তিনটি উইকেট। এতেই বরং স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ড পঙ্গু হয়ে যায়। লড়াইটা অবধি করতে পারেনি ডাচরা। এ জয়ে যুক্তরাষ্ট্রের সুপার এইট খেলার সম্ভাবনার পুনর্জাগরণ না ঘটলেও, একটা স্টেটমেন্ট অন্তত দিতে পেরেছেন দলের খেলোয়াড়রা।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link