আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০-এর বেশি রান, সাথে ১০০-এর বেশি উইকেট শিকার, কেউ যা কখনো করেনি, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সেটাই করলেন মালয়েশিয়ার অলরাউন্ডার বীরানদীপ সিং। পেছনে ফেললেন সাকিব আল হাসান, মোহাম্মদ নবী, সিকান্দার রাজাদের মতো নামজাদা সব অলরাউন্ডারকে। মহারথীদের পথ মাড়িয়েই বসলেন সেরার আসনে।
দেশের হয়ে দ্রুততম তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন আগেই। তবে বল হাতেও যে তাঁর মুন্সিয়ানা কম না, তা ৯৯ উইকেট তুলেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি। তবে কাজটা যে তখনও বাকি। ১০০ উইকেটের মালিক হওয়ার দিনে প্রতিপক্ষ হিসেবে তিনি বেছে নিলেন বাহরাইনকে।
বল হাতে বাহরাইনের তিন ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে ১০২ উইকেট পুরলেন নিজের ঝুলিতে। আর তাতেই হয়ে গেল এক ইতিহাস। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে যা কেউ করেনি, সেটাই তিনি করে ফেলেছেন।

২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের নামের পাশে এখন ৩১০৬ রান, সাথে উইকেট সংখ্যা ১০২। বিশ্ব ক্রিকেটের মঞ্চে তাঁর ঠিক পরেই আছেন সিকান্দার রাজা, নামের পাশে ২৮৪৬ রান আর উইকেট সংখ্যা ১০২।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দাপট দেখানো সাকিবের নামের পাশে ১৪৯ উইকেট আছে বটে, তবে রানটা ২৫৫১। আফগান কিংবদন্তি মোহাম্মদ নবীও পার করেছেন ১০০ উইকেটের গণ্ডি, তবে ২৪১৭ রান নিয়ে রয়েছেন তিন হাজারের মাইলফলক থেকে অনেক দূরে।
আইসিসির সহযোগী দেশগুলো নিয়ে চর্চাটা একটু কমই হয়। তবে বীরানদীপ সিং সব উপেক্ষার দেয়াল ভেদ করে নিজের নামটা ইতিহাসের পাতায় তুললেন। বুঝিয়ে দিলেন, নিজের কাজটা করে গেলে আলো আসবেই।












