ক্রিকেট ঈশ্বর যাকে দুহাত ভরে দিয়েছেন, সেই বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা থামার নাম নেই। ব্যাট হাতে তিনি যখন ২২ গজে ঝড় তোলেন, তখন বন্দনায় মুখর হয় বিশ্ব, আবার ব্যক্তিগত নানা কারণে ধেয়ে আসে সমালোচনার তির।
সম্প্রতি লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করা নিয়ে সামাজিক মাধ্যমে কোহলিকে বিদ্ধ করা হচ্ছিল ‘বিদেশি খেলোয়াড়’ তকমা দিয়ে। এবার সেই বিদ্রূপের বাউন্সারকে সপাটে গ্যালারিতে পাঠালেন খোদ কিং কোহলি।
সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক ভিডিওতে উঠে আসে কোহলির লন্ডন প্রবাস নিয়ে হওয়া ট্রোলিংয়ের প্রসঙ্গ। আরসিবির জনপ্রিয় চরিত্র মিস্টার নাগস ঠাট্টার ছলে প্রশ্ন তোলেন, ‘লোকে তো বলছে আরসিবি এবার পাঁচজন বিদেশি নিয়ে মাঠে নামছে! আমি তো বুঝতে পারছি না তারা ঠিক কী বলছে।’

প্রশ্নটা ছিল সরাসরি কোহলির দিকে। তবে উত্তরটাও এলো একদমই কোহলি-সুলভ। মুখে এক চিলতে হাসি নিয়ে বিরাট পাল্টা জবাব দিলেন, ‘সেটা বিদেশি খেলোয়াড়দের কাছে গিয়েই প্রশ্ন করো।’
এই সংক্ষিপ্ত অথচ ধারালো মন্তব্যে কোহলি বুঝিয়ে দিলেন, তার ঠিকানা বদলালেও শিকড়টা এখনো ভারতের মাটিতেই পোঁতা।বিলেতে থিতু হলেও বিরাটের ব্যাটে যে মরচে ধরেনি, তার প্রমাণ আইপিএল ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তার ম্যাচ জেতানো ইনিংসটি মনে করিয়ে দিয়েছে, তিনি যেখানেই থাকুন না কেন, মাঠের দখলটা তার হাতেই থাকে। বছরের শুরুতে জাতীয় দলের হয়ে ওডিআই সিরিজের পর দীর্ঘ বিরতি কাটিয়ে সরাসরি আইপিএলে নামলেও, তার ছন্দে কোনো ঘাটতি দেখেনি ক্রিকেট বিশ্ব।

আসলে বিরাট কোহলিকে কোনো ভৌগোলিক সীমানায় বেঁধে রাখা অসম্ভব। তিনি যখন হাসেন, তখন কোটি হৃদয়ের স্পন্দন এক হয়ে যায়। তিনি যখন রান করেন, তখন বিদ্রূপকারীরাও হাততালি দিতে বাধ্য হয়।
ঠিকানা বদলালেও বিরাটের আসল বসতভিটা এখনো সেই ২২ গজের পিচেই, যেখানে প্রতিটি রানের অক্ষরে তিনি লিখে চলেছেন এক অমরত্বের কাব্য। সমালোচনার প্রতিটি ইটের জবাবে তিনি তৈরি করেন রেকর্ডের এক সুবিশাল প্রাসাদ।











