মোহাম্মদ ওয়াসিম, ছোটদের রোহিত শর্মা

সর্বোচ্চ ছক্কার মালিক হতে আর মাত্র ১৩টি ছক্কা প্রয়োজন তাঁর। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা আত্মবিশ্বাসী ইনিংসটির ধারা অব্যাহত রাখতে পারলে তার জন্য রোহিতকে ছাপিয়ে যাওয়া কঠিন হবে না।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্বল্প সময়ে বিধ্বংসী ব্যাটিংয়ের নিজস্ব দ্যুতি ছড়িয়ে গিয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম। তিন ম্যাচ খেলেছেন, যার দু’টোতেই হাঁকিয়েছেন ফিফটি।

সেই ধারা তিনি বিশ্বকাপের মঞ্চেও রেখেছেন অব্যাহত। শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি থেকেছেন অপরাজিত। ফিফটি হাঁকিয়ে দলকে এনে দিয়েছেন লড়াই করবার মত পুঁজি। ছক্কার রেকর্ড বুক বলছে, দিব্যি তাকে আইসিসির সহযোগী দেশগুলোর রোহিত শর্মা নামে ডাকাই যায়। শুরুতে আদতেই রোহিত শর্মার মত ভয়ডরহীন ব্যাটিং করেন তিনি। রোহিত শর্মার ২০৫ টি ছক্কার রেকর্ড প্রায় ধরে ফেলেছেন তিনি।

হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাত দলেরও সবচেয়ে বড় তারকা এই মোহাম্মদ ওয়াসিমই। কাজের সন্ধানে পাকিস্তানে গিয়ে তিনি আরব আমিরাতের ক্রিকেট মানচিত্র বদলানোর মিশনে আছেন।

দলনেতা হিসেবে বরাবরই তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সহযোগী দেশের সবচেয়ে উজ্জ্বল তারকা হয়ে বিচরণ করে যাচ্ছেন তিনি। তবে এবারের বিশ্বকাপ শুরুর আগে খানিকটা ছন্দপতন ঘটেছিল তার।

গা গরমের দুই ম্যাচে নেপাল ও ইতালির বিপক্ষে সর্বসাকুল্যে ছয় রান সংগ্রহ করতে পেরেছিলেন তিনি। কিন্তু মূল মঞ্চে ঠিকই তিনি বনে গেলেন দলের সেনাপতি। একেবারে ওপেনিংয়ে নেমে দলের ব্যাটিং সামলেছেন শেষ অবধি।

আলিশান শারাফুর সাথে গড়েন ৭৭ বলে ১০৭ রানের ভীষণ গুরুত্বপূর্ণ জুটি। সেই জুটিতে ভর করেই আরব আমিরাতের স্কোরবোর্ড উঠেছে ১৭৩ রানের সংগ্রহ।

এই সংগ্রহ গড়ার পথে ৬৬ রান করা তিনি থেকেছেন অপরাজিত। ৪৫ বলের ইনিংসটিতে চারটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন ১৪৬.৬৬ স্ট্রাইকরেটের ইনিংসটিতে।

১৯৩টি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক এখন মোহাম্মদ ওয়াসিম। তার সামনে সুযোগ আছে, এবারের আসরেই রোহিত শর্মাকে ছাপিয়ে যাওয়ার।

সর্বোচ্চ ছক্কার মালিক হতে আর মাত্র ১৩টি ছক্কা প্রয়োজন তাঁর। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা আত্মবিশ্বাসী ইনিংসটির ধারা অব্যাহত রাখতে পারলে তার জন্য রোহিতকে ছাপিয়ে যাওয়া কঠিন হবে না।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link