চার নম্বরে ‘বিরাট’ শূন্যতা, সমাধানেও আছেন চার

চার নম্বরে বিরাটের অবর্তমানে কাকে খেলাবে ভারত? এই প্রশ্নের উত্তর হিসেবে ভারতের কাছে আছে চার বিকল্প। 

বিদায়ের সুর বয়ে যাচ্ছে ভারতের ক্রিকেট আঙিনায়। রোহিত শর্মার পর বিরাট কোহলিও বিদায় বলে দিলেন টেস্ট ক্রিকেটকে। অন্তরে তৈরি হওয়া শূন্যতার মতই শূন্যস্থান সৃষ্টি হয়েছে টেস্ট একাদশের ব্যাটিং অর্ডারেও। চার নম্বরে বিরাটের অবর্তমানে কাকে খেলাবে ভারত? এই প্রশ্নের উত্তর হিসেবে ভারতের কাছে আছে চার বিকল্প।

এক করুণ নায়ার, দুই সাই সুদর্শন, তিন শুভমান গিল, চার সরফরাজ খান। এই চারজনের মধ্যে শুভমান গিল টেস্ট দলের অন্যতম সদস্য বেশ আগে থেকেই, সরফরাজও খেলছেন বনেদী ফরম্যাটে। বাকি দুইজন এখনও গায়ে জড়াননি টিম ইন্ডিয়ার টেস্ট জার্সি। করুণ নায়ার সাম্প্রতিক সময়ে রয়েছেন দারুণ ছন্দে।

রঞ্জি ট্রফিতে নিজের দ্যুতি ছড়িয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছেন। ২০২৪-২৫ রঞ্জি মৌসুমে ৮৬৩ রান রান করেছিলেন। ৫৩.৯৩ গড়ে রান তুলেছেন। চারটা সেঞ্চুরির পাশাপাশি বেশ কিছু ফিফটিও এসেছে তার ব্যাট থেকে। অতএব তাকে বিবেচনায় রাখতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট।

সাই সুদর্শনও রয়েছেন আলোচনায়। ভারত এ দলের হয়ে তিনি চারদিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাছাড়া টেকনিক্যালি অনেক বেশি সলিড। এছাড়াও চলমান আইপিএলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ব্যাট হাতে। এমন একজন ব্যাটার বিরাটের বিকল্প হিসেবে দারুণ পছন্দ হতে পারেন।

অনভিষিক্ত কাওকে এমন গুরুদায়িত্ব দিতে না চাইলে নিয়মিত খেলতে থাকা গিলকেও বাজিয়ে দেখা যেতে পারে। ওপেনিং পজিশনে ক্যারিয়ার শুরু করলেও গিল তিন নম্বরে ব্যাট করেছেন টেস্ট ক্রিকেট। চার নম্বরের স্থিতিশীলতার এনে দিতে পারবেন তিনি। ব্যাটিং ঐতিহ্যে বিরাটের উত্তরসূরী তো তাকেই ভাবা হচ্ছে।

এছাড়াও সরফরাজ খানকে চার নম্বর স্থানে থিতু করাই হতে পারে সহজ ও কার্যকর সমাধান। টেস্ট সেটআপে তিনি ছিলেন। এছাড়া কোহলির অবর্তমানে চার নম্বরে একটি ম্যাচে খেলেছিলেন। সেই ম্যাচে সেঞ্চুরিও এসেছিল তার ব্যাট থেকে। অতএব এই মুহূর্তে বিরাটের বিকল্প হিসেবে সরফরাজকে দায়িত্ব দেওয়াটাই যুক্তিযুক্ত।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link