সাব্বির রহমান, নামটা যতবারই সামনে আসে ততই আক্ষেপ বাড়ে সবার মনে। যতটুকু প্রতিভা ছিল তা কাজে লাগানো গেলে এই নামটা ছড়িয়ে যেত দেশের গণ্ডি পেরিয়ে। সেটা হয়নি, তবে সাব্বির একেবারেই শেষ হয়ে যাননি। এখনও জ্বলে ওঠেন ব্যাট হাতে, জানান দেন নিজের উপস্থিতি। বিসিএলে সেন্ট্রাল জোনের বিপক্ষে ৫১ বলে ৭৩ রান তারই প্রমাণ। তবে প্রশ্ন হল এই সাব্বির কি আদতে ফিরতে পারবেন জাতীয় দলে? সে সুযোগ কি আছে তাঁর?
উত্তরটা অজানা, সময় কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা কেউ জানে না। তবে সাব্বির যে মাঝে মাঝে বিবেচনার খাতা খুলতে বাধ্য করেন। বাংলাদেশে ওমন প্রতিভা নিয়ে রোজ রোজ কেউ জন্মায় না। আর ব্যাটিং অর্ডারের ভঙ্গুর দশা থেকেও মুক্তি মেলে না। একারণেই ব্যর্থতার সাগরে কাগজে-কলমে ডুবে থাকা সাব্বিরদের নিয়ে পরিকল্পনা সাজাতে হয়, সুযোগ করে দিতে হয়।
বর্তমান বাংলাদেশের ওয়ানডে দলের দিকে তাকালে সেই দৃশ্যটা ফুটে ওঠে। মিডল অর্ডারে কেউ নেই, শেষদিকে কারো উপর আস্থা রাখার মতো নাম নেই। সাব্বির হতে পারেন একটা বিকল্প সমাধান।

সাব্বিরের বয়স এখন ৩৪ বছর। শেষবার নিজেকে মেলে ধরার একটা সুযোগ হয়তো আসা-যাওয়ার মধ্যে আছে। সেটা কাজে লাগাতে পারলেই আরও দুই-তিন বছর আরামসে খেলে যেতে পারেন তিনি।
সামনে ২০২৭ বিশ্বকাপ, অনেক পরীক্ষা-নিরীক্ষা চলবে বর্তমান দল নিয়ে। শূন্যতা পূরণের জন্য বিকল্প ভাবা হবে, পূর্ণ শক্তির দল নিয়ে বিশ্বকাপে যেতে চাইবে বাংলাদেশ। সেখানে একটা সুযোগ কি সাব্বির পাবেন না নিজেকে প্রমাণের?
বিসিএলের একটা ইনিংস দেখে তাঁকে দলে ঢুকিয়ে দেওয়া নেহাত বোকামি বা আষাঢ়ে গল্পের মতোই। তবে সাব্বির যদি একটা সুযোগ পেয়ে যান, আর সেটা লুফে নিতে পারেন, কে জানে হয়তো দেশের জার্সি গায়ে উঠতেই পারে। কিংবা ব্যর্থ হলে চিরতরে হারিয়ে যেতে পারেন নিকষ কালো অন্ধকারে।












