মোট এগারবার বল ছুড়লেন ব্যারি ম্যাককার্থি। এক ওভার করতে যেন তার জনম জনম সময় লেগে গেল। ইনিংসের ১৯ তম ওভারকে গণনা করা হয় ভীষণ গুরুত্বপূর্ণ। সেই ওভারেই একেবারেই ছন্নছাড়া বোলিং করলেন আইরিশ পেসার। কি ঘটেনি সে ওভারে। এক নো বল, চার ওয়াইড, এক ছক্কা, এক চার, দুইটা ডাবল, একটা ডট, সেই সাথে উইকেট দুইটা।
ছন্নছাড়া বোলিংয়ে বিনোদনে ভরপুর এক ওভার। আয়ারল্যান্ডের উপর চাপ বাড়িয়েছে কিন্তু শ্রীলঙ্কাকে করেছে নির্ভার। ১১ বার বল ছোড়া ওভারের শুরুটা ম্যাককার্থি করেন নো বল দিয়ে। লেগ সাইড দিয়ে বেড়িয়ে যাওয়া বলটা ছিল বিপদসীমার উপরে। সেই বলে চার আদায় করেন কামিন্দু মেন্ডিস।

ব্যাটার পেয়েছেন ফ্রী-হিট, সে ভাবনায় পরপর দুইবার ওয়াইড বল করলেন ম্যাককার্থি। এরপর চতুর্থ দফা বল ছুড়ে হজম করলেন ছক্কা। ডিপ মিডউইকেট দিয়ে বলটাকে সীমানা ছাড়া করেন কামিন্দু। এরপর দু’টো রান দৌড়ে নিলেন লঙ্কান দুই ব্যাটার। তারপর আবার ওয়াইড। আবার দু’টো দৌড়ে নেওয়া রান।
ততক্ষণে স্রেফ তিনটি বল গণনা হয়েছে আইনসম্মত। পরের দু’টো ছোড়া বলে ম্যাককার্থি যেন একটু হাফ ছেড়ে বাঁচলেন। কামিন্দু মেন্ডিসের পর লঙ্কান অধিনায়ক আউট হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। তারপর আবার ওয়াইড। শেষ বলটায় নবাগত ব্যাটার ওয়ানিন্দু হাসারাঙ্গা কাজে লাগাতে ব্যর্থ।

দীর্ঘ সময়ের সেই ওভারের পরিসমাপ্তি ঘটে অবশেষে। আয়ারল্যান্ড শিবিরে তাতেই ভীষণ আনন্দ। দীর্ঘশ্বাস ছেড়ে বাঁচা গেল!











