জলঘোলা হলেও, আপাতত দিনক্ষণ ঠিক হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিলামের। তার আগে দেশীয় খেলোয়াড়দের মধ্যে ১২ জন দেশী খেলোয়াড় দল পেয়ে গেছেন সরাসরি চুক্তিতে। এদের মধ্যে এ ক্যাটাগরি থেকে চার জন ও বি ক্যাটাগরি থেকে আটজন ভিন্ন ভিন্ন ফ্রাঞ্চাইজির সাথে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়ে গেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রদত্ত, নিলামের তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল ছয়জনকে। যাদের মধ্যে এখন অবধি দল পাননি লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। এই দুই ব্যাটার বাদে, বাকি চারজনের দল সুনিশ্চিত। পেসার তাসকিন আহমেদ যুক্ত হচ্ছেন ঢাকা ক্যাপিটালসে। আরেক পেসার মুস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে এবারে যাচ্ছেন রংপুর রাইডার্সের ডেরায়।
সিলেট টাইটান্স নামক নতুন ফ্রাঞ্চাইজি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে। এছাড়া আরেক নবাগত ফ্রাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়ার্স তানজিদ হাসান তামিমের সাথে নিজেদের চুক্তি সম্পন্ন করে ফেলছে। এই হচ্ছে নিলামের আগে ‘এ’ ক্যাটাগরির বর্তমান পরিস্থিতি।

অন্যদিকে ‘বি’ ক্যাটাগরিতে খেলোয়াড় রয়েছেন মোট ২০ জন। যাদের আটজনই কোন না কোন ফ্রাঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছেন। এদের মধ্যে টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স। এই ক্যাটাগরি থেকে দুইজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে শেষ মুহূর্তে টুর্নামেন্টে সংযুক্ত হওয়া নোয়াখালী এক্সপ্রেস। পেসার হাসান মাহমুদ ছাড়া, সৌম্য সরকার খেলবেন নোয়াখালীর হয়ে।
নোয়াখালী ছাড়াও চট্টগ্রাম রয়্যালস ‘বি’ ক্যাটাগরি থেকে নিজেদের সরাসরি সাইনিংয়ের কোটা পূরণ করেছে। শেখ মাহেদি ও তানভির ইসলাম- দুই স্পিনারকে দলে নিয়েছে চট্টগ্রামের নতুন ফ্রাঞ্চাইজিটি। সাইফ হাসান গেছেন ঢাকা ক্যাপিটালসে। অন্যদিকে নিজেদের ধারাবাহিক অধিনায়ক নুরুল হাসান সোহানকে রংপুর রাইডার্স নিজেদের ডেরায় রেখে দিয়েছে।
মিরাজের সাথে জুটি বেঁধে প্রতিপক্ষকে ঘূর্ণিতে খাবি খাওয়াবেন নাসুম আহমেদ। এমন ভাবনা থেকে সিলেটি এই বা-হাতি স্পিনারকে দলে নিয়েছে সিলেট টাইটান্স। আপাতত নিলামের আগে, দলগুলোর এই হচ্ছে বর্তমান হালচাল। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের নূন্যতম ৫০ লাখ ও ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য নূন্যতম ৩৫ লাখ টাকা খরচ করতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে।

তবে যেহেতু এই ১২ জন সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের পেছনে ঠিক কত অর্থ খরচ করছে ফ্রাঞ্চাইজিগুলো, তা সময় গড়ালেই জানা যাবে। ততক্ষণ অবধি, ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের স্কোয়াড সাজানোর পরিকল্পনাতেই আপাতত ব্যস্ত। ৩০ নভেম্বর দলগুলো হবে চূড়ান্ত।











