লা লিগায় বিবর্ণ ভিনিসিয়াস জুনিয়র

এমবাপ্পে এরই মধ্যে ১৬ গোল করেছে লা লিগায়, সর্বোচ্চ গোলদাতার তালিকায় রবার্ট লেওয়ানডস্কির পরেই আছে তাঁর নাম। অন্যদিকে ভিনির গোল মাত্র আটটা। তবে গোলসংখ্যা নয়, বরং খেলার ধরন শঙ্কার জন্ম দিচ্ছে সমর্থকদের মনে। দুই তারকা পাল্লা দিয়ে পারফরম করবেন এমনটাই প্রত্যাশা ছিল তাঁদের, কিন্তু সেই প্রত্যাশা আর মিটছে কই।

ভিনিসিয়াস জুনিয়র নাকি কিলিয়ান এমবাপ্পে – মৌসুমের শুরুতেই একটা প্রশ্ন উঠে এসেছিল, রিয়াল মাদ্রিদের মেইন ম্যান হবেন কে? শুরুর দিকে কিলিয়ান এমবাপ্পে অবশ্য মানিয়ে নিতে সময় নিয়েছিলেন, ভিনিসিয়াস তখন ফর্মের চূড়ায়। অনেকেই তাই ধরে নিয়েছিলেন অল হোয়াইট জার্সিতে এমবাপ্পে বোধহয় ব্রাজিলিয়ানের ছায়া হয়েই থাকবেন।

অথচ এখন পরিস্থিতি পুরোপুরি উল্টো। এমবাপ্পে যেখানে প্রতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন, গোল করছেন নিয়ম করে; ভিনি সেখানে বড্ড নীরব, বড্ড ম্লান। অফ ফর্মের সাথে যোগ হয়েছে শৃঙ্খলাজনিত ইস্যু, কার্ড সাসপেনশনের কারণেই মূলত ছন্দপতন ঘটেছে তাঁর।

মহাগুরুত্বপূর্ণ মাদ্রিদ ডার্বিতেও ভিনি ছিলেন বিবর্ণ, প্রথমার্ধে তো তাঁকে খুঁজেই পাওয়া যায়নি সেভাবে। রাইট উইংয়ে রদ্রিগো বারবার আক্রমণ গড়ে তুললেও তিনি ছিলেন খোলসবন্দী হয়ে। দ্বিতীয়ার্ধে কিছুটা চেষ্টা করেছেন বটে, তবে সেটাও যথেষ্ট ছিল না। পারফেক্ট ফাইনাল টাচ একবারও দিতে দেখা যায়নি তাঁকে, পারেননি ক্লিয়ার কোন চান্স তৈরি করতে।

 

লিগে সবশেষ কবে গোলের দেখা পেয়েছিলেন সাম্বা বয়? উত্তর খুঁজতে ফিরে যেতে হবে গত বছরের নভেম্বরে, ওসাসুনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেটাই শেষ, দপ করে জ্বলে উঠে যেন নিভে গেলেন। পরের দুই ম্যাচে গোল করতে পারেননি এই উইঙ্গার, এরপর ভ্যালেন্সিয়ার বিপক্ষে অহেতুক লাল কার্ড হজম করে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন। নিষেধাজ্ঞা থেকে ফিরেও স্কোরবোর্ডে নাম তুলতে ব্যর্থ হয়েছেন তিনি।

অথচ এমবাপ্পে এরই মধ্যে ১৬ গোল করেছে লা লিগায়, সর্বোচ্চ গোলদাতার তালিকায় রবার্ট লেওয়ানডস্কির পরেই আছে তাঁর নাম। অন্যদিকে ভিনির গোল মাত্র আটটা। তবে গোলসংখ্যা নয়, বরং খেলার ধরন শঙ্কার জন্ম দিচ্ছে সমর্থকদের মনে। দুই তারকা পাল্লা দিয়ে পারফরম করবেন এমনটাই প্রত্যাশা ছিল তাঁদের, কিন্তু সেই প্রত্যাশা আর মিটছে কই।

চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য ভিনিসিয়াসের সময়টা ভালো কাটছে, তাই ম্যানচেস্টার সিটির বিপক্ষে অন্তত ভাল করবেন তিনি সেটা আশা করা যায়। একইসাথে কিলিয়ানও নিশ্চয় জ্বলে উঠবেন, জ্বালিয়ে দিতে চাইবেন ধুঁকতে থাকা ইংলিশ চ্যাম্পিয়নদের।

Share via
Copy link