এবার অন্তত একটা ট্রফি জেতা উচিত নিউজিল্যান্ডের। প্রস্তুতি হয়েছে একেবারে ষোলআনা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, স্বাগতিকদের মাটিতে তাদেরকেই হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিজেদের করেছে ব্ল্যাকক্যাপসরা। পাকিস্তানকে রীতিমত অসহায় ঠেকেছে নিউজিল্যান্ডের বিপক্ষে।
নিউজিল্যান্ড, আইসিসি ইভেন্টে বরাবরই শিরোপার দাবিদার। কিন্তু এত অগাভা দল সম্ভবত খুব একটা নেই গোটা ক্রিকেট দুনিয়ায়। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরেছে তারা। বছর দুই বাদে আবারও ফাইনাল হেরেছে তারা, সেটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ।
সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিবারই শিরোপার দরজায় কড়া নেড়েছে নিউজিল্যান্ড। কিন্তু রুদ্ধদ্বার হয়নি উন্মোচিত। প্রতিবার হতাশ হয়ে ফিরতে হয়েছে তাদের। কেন উইলিয়ামসনের বিষন্ন চেহারা বিষাদের ধূসরতা ছড়িয়েছে ক্রিকেট ভক্তদের মনে। সেসব অতীত, দলটা ভীষণ পেশাদার।

তারা আরও একটিবার শিরোপার দোড় গোড়ায় গিয়ে দাঁড়াতে মরিয়া। অন্তত পাকিস্তানে খেলা ত্রি-দেশীয় সিরিজে সে আকাঙ্ক্ষার প্রতিচ্ছবিই ফুটিয়ে তুলেছে কিউইরা। চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দাবিদার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। দলটাকে দুই ম্যাচে বলে-কয়ে হারিয়েছে ব্ল্যাকক্যাপসরা।
এর মধ্যে সিরিজের ফাইনাল ম্যাচে তো পাকিস্তান পাত্তাই পায়নি। ২৮ বল হাতে রেখে পাঁচ উইকেটের বিনিময়ে ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। সেই সাথে ত্রি-দেশীয় সিরিজের ট্রফিটাও উঠেছে তাদেরই হাতে। পথিমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দারুণ জয়ে তারা হয়েছে অপরাজিত বিজয়ী।
নিউজিল্যান্ড যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দাবি জোরদার করছে, তখনই যেন পাকিস্তান হাটছে উলটো পথে। বেশ কাঠখড় পুড়িয়ে বহুদিন বাদে কোন এক আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে দেশটি। স্বাভাবিকভাবেই দলের প্রতি সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা!

কিন্তু তারা বরং হতাশই করলেন। চেনা কন্ডিশনে একই সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছ দুই ম্যাচেই। তাতে করে পাকিস্তানের শিরোপা ধরে রাখতে পারবে কি-না তেমন একটা সংশয়ের সৃষ্টি হয়েছে বটে। অবশ্য এই দলটা ভীষণ ‘আনপ্রেডিক্টেবল’। এই যেমন ৩৫২ রান তাড়া করে জিতেছে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
সেই একই দল ২৪২ রান জড়ো করতে হিমশিম খেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু ঘরের মাঠে দাপট দেখানোর সুবর্ণ সুযোগটা হাতছাড়া করেছে তারা। দলের মনোবলেও আঘাত লেগেছে নিশ্চয়ই। নড়বড়ে আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখা কঠিন হয়ে যাবে মোহাম্মদ রিজওয়ানের দলের জন্যে।











