এই শামি বড্ড অচেনা!

তবে, বাজে সময় কাটিয়ে ওঠাতে জুড়ি নেই শামির। টানা ইনজুরি কাটিয়ে ফিরেই তো আগের ম্যাচে বাংলাদেশকে গুড়িয়ে দিয়েছেন। স্বাভাবিক ছন্দে ফেরার গল্প লিখতে তিনি এখনও প্রস্তুত।

বাজে শুরু কেই বা চান, কিন্তু মোহাম্মদ শামির সেই চাওয়া পূরণ হয়নি। মোহাম্মদ শামির জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে পাকিস্তানের বিপক্ষে শুরুটা হলো একেবারেই ভুলে যাওয়ার মতো। ম্যাচের প্রথম ওভারেই শামি এমন এক রেকর্ড গড়লেন, যা নিশ্চয়ই তিনি মনে রাখতে চাইবেন না।

দুবাইয়ের গরম আবহাওয়ায় নতুন বলে দৌড়ে আসলেন শামি, চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনার সাথে যোগ হলো ভারত-পাকিস্তান মহারণের বাড়তি রোমাঞ্চ। তবে প্রথম ওভারেই যেন এলোমেলো হয়ে গেল সবকিছু। ৬ বৈধ বলের বদলে তাঁকে বল করতে হলো ১১টি! এই তালিকায় যোগ হল পাঁচটি ওয়াইডের খেসারত। বিরল এক তালিকায় নাম লেখালেন আগের ম্যাচে পাঁচ উইকেট পাওয়া এই ফাস্ট বোলার।

ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি বল করে ফেলেছেন শামি। এখানে অবশ্য তাঁর সাথে আরও দু’জন। তাঁরা হলেন ইরফান পাঠান ও জহির খান। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঠান এক ওভারে ১১ বল করেন। এর আগে জহির খান ২০০৩ সালে করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

নতুন বলে নিয়ন্ত্রণ হারানো মানেই প্রতিপক্ষকে শুরুতে ফ্রি রানের সুযোগ দেওয়া। আর সেটাই কাজে লাগিয়েছে পাকিস্তান। শামি সাধারণত ধারাবাহিকতা এবং নিখুঁত লাইন-লেংথের জন্য পরিচিত। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে তিনি শিরোনামে এসেছিলেন পাঁচ উইকেট নিয়ে। তবে, এবার পাকিস্তানের ব্যাটাররা ‘সীমাহীন’ ওভার থেকে সহজেই রান বের করেছে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও ছিলেন হতাশ।

তবে, বাজে সময় কাটিয়ে ওঠাতে জুড়ি নেই শামির। টানা ইনজুরি কাটিয়ে ফিরেই তো আগের ম্যাচে বাংলাদেশকে গুড়িয়ে দিয়েছেন। স্বাভাবিক ছন্দে ফেরার গল্প লিখতে তিনি এখনও প্রস্তুত।

Share via
Copy link