হরদম ছুটছেন উড, পাওয়ার হিটিংয়ে বাংলাদেশকে হতে হবে ‘গুড’

তার ব্যস্ততা অন্তত বলে দিচ্ছে তার কাজের প্রতি ঠিক কতটুকু নিবেদিত তিনি। লম্বা সময়ের জন্যে তাকে বাংলাদেশ দলের সাথে যুক্ত করা গেলে, তাতে ফলাফল ও উন্নতি দু'টোই হতে পারে দীর্ঘমেয়াদি। 

কাঁধে প্রো ভেলোসিটি ব্যাট, মস্তিষ্কে শেখানোর রসদ আর পরিকল্পনার ছক। জুলিয়ান উড রীতিমত ছুটে বেড়াচ্ছেন। স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশি ব্যাটারদের একটা ইতিবাচক উন্নতি সাধনে তিনি যেন বদ্ধ পরিকর। তাইতো একবিন্দু কালক্ষেপন করছেন না তিনি।

সিলেটে বাংলাদেশের স্কিল ক্যাম্পে বারবার আসছে বৃষ্টির বাঁধা। তবে সকল বাঁধার মধ্যেও জুলিয়ান উডের কার্যক্রম বন্ধ হচ্ছে না এক বিন্দুও। যখন, যেখানে সময় পাচ্ছেন তিনি ক্লাস নিচ্ছে টাইগারদের ব্যাটারদের। বৃষ্টি হলে ইনডোরে, বৃষ্টি না হলে মূল ময়দানে।

ক্যাম্পের তৃতীয় দিনে উড একটু পরখ করে দেখতে চাইলেন ব্যাটারদের ঠিক কতটুকু উন্নতি সাধিত হয়েছে। এ জন্য পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শেখ মাহেদীদের নিয়ে সিলেটের সেন্টার উইকেটে হাজির জুলিয়ান উড। সত্যিকারের বাইশ গজে তার দীক্ষার কতটুকু প্রতিফলন ঘটে, সেটাই বোঝার চেষ্টা করেছেন অজি এই কোচ।

তবে খুব বেশি সময় তিনি পাননি। কেননা আবারও যে সিলেটের আকাশ ভেঙে এসেছে বৃষ্টি। দৌড়ে মাঠ ছাড়লেন প্রতিটা ব্যাটার। তবে এর আগে উড হয়ত একটা ধারণা পেয়ে গেছেন- তার নেওয়া ক্লাস থেকে কতটুকু শিখছে টাইগার ব্যাটাররা। সিলেট স্টেডিয়ামের দুই পাশে দুই নেটে, চার ব্যাটার ব্যাটিং করেছেন থ্রোয়ারদের বিপক্ষে। মাঝে দাঁড়িয়ে দুই নেটের দিকেই তীক্ষ্ণ নজর রেখেছিলেন জুলিয়ান উড।

পারভেজ হোসেন ইমনদের তিনি বাতলে দিয়েছেন ভুলচুক শুধরে নেওয়ার প্রক্রিয়া। উড বেশ তার কাজ নিয়ে বেশ সিরিয়াস, যে করেই হোক বাংলাদেশের ব্যাটারদের ছক্কা হাঁকানোর দক্ষতা তিনি বাড়াবেন।

শুধু তাই নয়, তার ব্যস্ততা অন্তত বলে দিচ্ছে তার কাজের প্রতি ঠিক কতটুকু নিবেদিত তিনি। লম্বা সময়ের জন্যে তাকে বাংলাদেশ দলের সাথে যুক্ত করা গেলে, তাতে ফলাফল ও উন্নতি দু’টোই হতে পারে দীর্ঘমেয়াদি।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link