ভারত-পাকিস্তান দ্বৈরথে ঠাঁই নেই তিন তারকার!

এশিয়া কাপে সবচেয়ে বড় মহারণের সামনে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্ব। আরও একবার ভারত-পাকিস্তান লড়াই গড়াতে যাচ্ছে মাঠে। তবে এই উত্তেজনাপূর্ণ দ্বৈরথে তিন তারকার নাম রয়েছে যারা যোগ্য হলেও সুযোগ হয়তো মিলবে না একাদশে।

এশিয়া কাপে সবচেয়ে বড় মহারণের সামনে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্ব। আরও একবার ভারত-পাকিস্তান লড়াই গড়াতে যাচ্ছে মাঠে। তবে এই উত্তেজনাপূর্ণ দ্বৈরথে তিন তারকার নাম রয়েছে যারা যোগ্য হলেও সুযোগ হয়তো মিলবে না একাদশে।

  • হারিস রউফ

পাকিস্তানের ফাস্ট বোলিং আক্রমণের প্রাণ হারিস রউফ। টি-টোয়েন্টি ফরম্যাটে দলের সেরা বোলারদের একজন তিনি। ৮৯ ম্যাচে নিজের ঝুলিতে পুরেছেন ১২৪ উইকেট, ২০২৪ সালের শুরু থেকে ১৩ ম্যাচে নিয়েছেন ১৯ টি — এই পরিসংখ্যানই তার কার্যক্ষমতার প্রমাণ।

ভারতের বিপক্ষে তার রেকর্ডও ভয়ঙ্কর, প্রতি ১৬.৩ বল পর উইকেট। শুধু তাই নয় ভারতীয় দলের দুই হার্ড হিটার সুরিয়াকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার বিপক্ষেও তাঁর পরিসংখ্যান নজরকাড়া। তাঁদের বিপক্ষে এখন পর্যন্ত ৩৯ রানের বিনিময়ে চারবার সাজঘরের পথ দেখিয়েছেন। প্রতি ৭.৭৫ বল পর উইকেট নিয়েছেন।

তবে, দুবাই স্টেডিয়ামের স্পিন-বান্ধব পিচ এবং পাকিস্তানের ব্যাটিং গভীরতার কথা মাথায় রেখে তাঁর জায়গায় ফাহিম আশরাফকেই রাখা হতে পারে। নাহলে দুই স্পিনার আবরার আহমেদ এবং সুফিয়ান মুকিমের একজনকে বসিয়ে দিতে হবে। যে ঝুঁকিটা পাকিস্তান নিতে চাইবে না।

  • আর্শদীপ সিং

পাকিস্তানের হারিস রউফ আর ভারতের আর্শদীপ সিং। দুজনের অবস্থাটা প্রায় একই রকম। পাকিস্তানের টপ-অর্ডারের ব্যাটাররা লেফট-আর্ম পেসের বিরুদ্ধে অনেকটা দুর্বল। সায়িম আইয়ুব, শাহিবজাদা ফারহান এবং মোহাম্মদ হারিস— বাহাতি পেসারদের বিরুদ্ধে ২০৩ বল খেলে রান করেছেন ২৫২। যেখানে গড় মাত্র ২১ এবং স্ট্রাইক রেট ১২৪। বিপরীতে উইকেট বিলিয়েছেন ১২ বার।

তাই তো এদের বিপক্ষে পাওয়ারপ্লেতে আর্শদীপ ভারতকে আরও শক্তিশালী করতে পারে। পাকিস্তানের বিপক্ষে তার টি-টোয়েন্টি রেকর্ডও প্রশংসনীয় – ৪ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট, স্ট্রাইক রেট ১৩.৪। তবে, ভারতের তিন-স্পিন কৌশল এবং শিবম দুবেকে ষষ্ঠ বোলিং অপশন হিসেবে বিবেচনা করায় অর্শদীপকে বেঞ্চেই থাকতে হতে পারে।

  • রিঙ্কু সিং

ভারতের ফিনিশিং পজিশনে গুরুত্বপূর্ণ নাম রিঙ্কু সিং। সংক্ষিপ্ত ক্যারিয়ারে নিজেকে প্রমাণ করেছেন বেশ কয়েকবারই। এখন পর্যন্ত এই রোলে ১৬৩ বল খেলে সংগ্রহ করেছেন ৩১৮ রান, গড় ৩৫.৩ এবং স্ট্রাইক রেট ১৯৫ এর উপরে। এই পরিসংখ্যানই তাঁর আক্রমণাত্মক মানসিকতার প্রমাণ করে।

তবে, ভারত এখন কিছুটা ভিন্ন কৌশলে হাঁটছে। ব্যাটের সাথে যারা বল হাতে পারদর্শী তাঁদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই তো অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া এবং শিভম দুবের বিপরীতে তাঁর সুযোগের সম্ভাবনা বেশ কম।

এবারের আসরে দুই দলের সূচনাটাও প্রত্যাশিত হয়েছে, এখন অপেক্ষাটা সেয়ানে সেয়ানে মোকাবিলা করার। সেইখানে এই তিনজনের অভাব কোনভাবে বিপাকে ফেলবে না তো দলকে? উত্তরটা সময়ই বলে দেবে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link