ভাগ্যটা বারবার ফ্যাঁকাসে হয়ে যাচ্ছে তাওহীদ হৃদয়ের। টুর্নামেন্ট বদলায়, মাঠ বদলায়, তিনি বারবার আউট হন রান আউটের ফাঁদে। এমন নয় যে, ক্যারিয়ারে বারবারই এভাবে আউট হচ্ছেন হৃদয়। এখন পর্যন্ত মাত্র পাঁচবার এই দুর্ভাগ্যের শিকার হয়েছেন তিনি। তবে, কেবল ২০২৫ সালেই এই ঘটনা ঘটেছে চারবার।
রান আউটের এই মিছিলের সর্বশেষ সংযোজন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। হাফ সেঞ্চুরি করে ততক্ষণে দলকে একটা ভাল অবস্থানে নিয়ে যাচ্ছিলেন হৃদয়। তখনই মেহেদী হাসান মিরাজের সাথে ভুল বোঝাবুঝিতে ফিরে গেলেন সাজঘরে।

এগিয়ে এসে ড্রাইভ করেছিলেন এক্সট্রা কভারের ডান দিকে, সেখানে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির সামান্য ফাম্বল হয়। মিরাজ কয়েকবার ‘হ্যাঁ–না’ বলে দৌড়াতে দৌড়াতে থেমে যান। ততক্ষণে তৌহিদ পিচের অর্ধেকেরও বেশি চলে এসেছিলেন, ফেরার কোনো সুযোগই ছিল না। শাহিদি দ্রুত বল তুলে ভালো একটি থ্রো ছুড়ে দেন কিপারের হাতে। তৌহিদ হৃদয় রান আউট।
একই ভাবে সর্বশেষ এশিয়া কাপের ম্যাচে গ্রুপ পর্বে তিনি রান আউট হয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। একই প্রতিপক্ষের বিপক্ষে কলম্বোতে ওয়ানডে সিরিজে তাঁর ভুল বোঝাবুঝি হয় তানজিম হাসান সাকিবের সাথে। সেদিনও হাফ সেঞ্চুরি পেয়েছিলেন, এবারও পেলেন।

মেহেদী হাসান মিরাজের সাথে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১০১ রান। ক্যারিয়ারের দশম হাফ সেঞ্চুরি পাওয়ার দিনে হৃদয় করেন ৮৫ বলে ৫৬ রান। ৫৩ রানে তিন উইকেট পতনের পর হৃদয়ের ব্যাটেই প্রতিরোধের সূচনা হয়েছিল। কিন্তু, সামান্য একটা ভুলের খেসারত গুণতে হল তাঁকে।









