পুরনো চাল ভাতে বাড়ে কথাটার বাস্তব প্রমাণ যেন দিলেন নাইম ইসলাম। জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে শতক হাঁকালেন। ৩৯ ছুঁইছুঁই এই ব্যাটার বুঝিয়ে দিলেন, বয়সটা কেবলই সংখ্যা মাত্র।
দেশের ক্রিকেটের অভাগা নাম হিসেবে ধরা হয় নাইম ইসলামকে। প্রতিভা যতটুকু ছিল, সেই অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি নানা কারণে। তবে ঘরোয়া ক্রিকেটে বরাবরই অপ্রতিরোধ্য ছিল তাঁর ব্যাট।
সেই ঝলক আরও একবার দেখালেন এনসিএলের মঞ্চে। বিপাকে পড়া রংপুরের উদ্ধারকর্তা হলেন, দলকে আগলে রাখলেন। শতক হাঁকিয়ে স্কোরবোর্ডে এনে দিলেন বড় সংগ্রহ।

উইকেটে ধৈর্য নিয়ে পড়ে থাকলেন। বাড়তি কোনো চাপ নেই, তাড়াহুড়ো নেই—একেবারে শান্ত নদীর মতো বয়ে চললেন। প্রতিপক্ষের বোলারদের চোখরাঙানি স্রেফ উপেক্ষা করে গেলেন।
শেষটাতে শতক এলো, এরপরও অবিচল থাকল তাঁর ব্যাট। দিন শেষ করলেন ১১১ রানে অপরাজিত থেকে। পুরো ইনিংসে হাঁকিয়েছেন ১৬টি চার। একেবারে সলিড এক নক খেললেন দলের জন্য। তাঁর সেঞ্চুরির সুবাদে রংপুরের সংগ্রহ আট উইকেট হারিয়ে ৩০৮ রান।
শুধু তাই নয়, এই শতকের মাধ্যমে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই ব্যাটার। এই মাইলফলক শুধুই যে রান সংখ্যা নয়, এটা তাঁর সক্ষমতার দলিল, আলোয় না আসা প্রতিভার এক স্বাক্ষর।

নাইম ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়েছে অনেক আগে, ঘরোয়াটাও একেবারেই শেষ সময়ে এসে দাঁড়িয়েছে। তবে এখনও অদম্য নাইম, এখনও অনবদ্য তাঁর ব্যাট। বয়সের ভার তাঁর কাঁধ এখনও ভারী করতে পারেনি। দুর্বার ছুটে চলা নাইমকে থামিয়ে দিতে পারেনি এখনও।











