আদর্শ পরিস্থিতিতে অধিনায়কত্ব পাননি ঋষাভ!

সমালোচনার প্রভাব, হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা- এসব মাথায় নিয়ে ম্যাচটি পরিচালনা করতে হবে ঋষাভ পান্তকে। কাজটা তার জন্য মোটেও সহজ হবে না।

‘এক ম্যাচের জন্য অধিনায়কত্ব পাওয়া কোন আদর্শ চিত্র নয়।’ এই বক্তব্য দিয়ে কি ঋষাভ পান্ত নিজের উপর থেকে খানিকটা চাপ কমালেন? ভারত দলকে যায় সামাল দিতে হচ্ছে, নানামুখী সমালোচনা। এরই মধ্যে ভারপ্রাপ্ত অধিনায়ক খানিকটা দায় এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা কি আগে ভাগেই করে রাখলেন?

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ইতোমধ্যে হেরেছে ভারত। সেই ম্যাচে ঘাড়ের চোটে পড়েছিলেন শুভমান গিল। তাকে নিয়ে অতিরিক্ত সতর্ক ভারতের টিম ম্যানেজমেন্ট, তাই তিনি খেলবেন না সিরিজের দ্বিতীয় টেস্ট। তার পরিবর্তে সহ-অধিনায়ক হিসেবে ঋষাভ পান্তকেই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঋষাভের জন্য সময়টা সত্যিকার অর্থেই সহজ নয়। নিজেদের ঘরের মাটিতে র‍্যাংক টার্নার বানিয়েছিল ভারত। কলকাতায় স্পিনারদের শক্তিকে কাজে লাগিয়ে ম্যাচ জেতার পরিকল্পনা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু সেই আশার গুড়ে বালি। দক্ষিণ আফ্রিকা ভারতের নাকের ডগা থেকে ম্যাচটি নিজেদের করে নেয়।

এরপরই মূলত সমালোচনার খড়গ নেমে এসেছে ভারত দলের উপর। যেহেতু তাদের ইচ্ছেতেই ওমন টার্নিং উইকেট প্রস্তুত করেছিলেন ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর। নিজেদের পাতা ফাঁদে নিজেদের এমন মুখ থুবড়ে পড়া ভারতের জন্য ভীষণ লজ্জারও বটে। অন্যদিকে হোয়াইট ওয়াশ হওয়ার একটা প্রবল সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে, দলের নিয়মিতি অধিনায়কও অনুপস্থিত।

সমালোচনার প্রভাব, হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা- এসব মাথায় নিয়ে ম্যাচটি পরিচালনা করতে হবে ঋষাভ পান্তকে। কাজটা তার জন্য মোটেও সহজ হবে না। কেননা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এক দিনের ক্রিকেট কিংবা টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ঋষাভের শূন্য।

সে কারণেই বরং চাপটা অনুভূত হচ্ছে ঋষাভের। তাইতো তিনি নিজেকে একটু নির্ভার করতেই বলেছেন, তার অধিনায়কত্ব প্রাপ্তি আদর্শ দৃশ্যপট নয়। নিজর উপর থেকে চাপ যতটা কমানো যায়- সে চেষ্টাই চালিয়েছেন বা-হাতি এই উইকেটরক্ষক ব্যাটার।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link