নিলামের আগে হাতে মাত্র ২.৭৫ কোটি রুপি, তবে কপালে বিন্দুমাত্র চিন্তার ভাঁজ নেই মুম্বাই ইন্ডিয়ানসের। কেননা নিলামটা তাদের কাছে একপ্রকার নিয়মরক্ষার মঞ্চ, দল যে আগেভাগেই প্রস্তুত করে রেখেছে। তবে একেবারেই কি দুশ্চিন্তা নেই দলটির? উত্তরটা, একটু তো আছেই।
স্কোয়াডে ২০ জন ইতিমধ্যেই আছে, এর মধ্যে সাতজন বিদেশি তারকা। রোহিত শর্মা, সুরিয়াকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ারা যে আগেভাগেই প্রস্তুত তা আর বলার অপেক্ষা রাখে না। সাথে তিলক ভর্মার উড়ন্ত ফর্ম, রায়ান রিকেলটনের আগ্রাসন, রাদারফোর্ড বা উইল জ্যাকসের মতো তারকাদের ইমপ্যাক্ট, সব মিলিয়ে বিস্ফোরণের অপেক্ষায় যেন রয়েছে ব্যাটিং অর্ডার।

এত গেল ব্যাটিংয়ের কথা, বোলাররাও যে কম যান না। জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, জ্বলে উঠলে প্রতিপক্ষের নিঃশ্বাস আটকে দেওয়ার জন্য যথেষ্ট। স্পিন বিভাগে মিচেল স্যান্টনার, আল্লাহ গাজানফারও বেশ কার্যকর। তবুও ঘাটতিটা আসলে কোথায়?
প্রথমত দলটিতে দেশি উইকেটকিপারের সংকট। তাই তো রিকেলটনের ওপর নির্ভরতা বেশি। তিনি ব্যর্থ হলেই দলের ব্যাটিং শক্তি ক্ষীণ হবে। তাই নিলামে দেশি কিপারই মুম্বাইয়ের প্রধান টার্গেট। সেই সাথে স্কোয়াডে নেই লোকাল কোনো কার্যকরী স্পিনার, যিনি মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারবেন। একাদশে ভারসাম্য ধরে রাখাটাই তাই একটু কঠিন হবে মুম্বাইয়ের জন্য।

মুম্বাই চাইলেই এই মুহূর্তে মাঠে নামতে পারে, একাদশটাও হবে বেশ শক্তিশালী। তবে দেশি উইকেটকিপার কিংবা স্পিনার হিসেবে একজনকে পেলে মুম্বাই হয়ে উঠবে আসরের সবচেয়ে ভয়ঙ্কর।











