শূন্যরানে ফিরেছেন ক্যামেরুন গ্রিন। তবে কি কলকাতা নাইট রাইডার্সের ২৫ কোটি ২০ লাখ জলে গেল? নাকি নিজের এত চড়া মূল্যের ঘোর কাটিয়ে উঠতে পারেননি কামেরুন গ্রিন?
একদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অজি অলরাউন্ডারকে নিয়ে হয়ে গেল তুমুল লড়াই। একের পর এক দর হাঁকানো, তিনটি দলের হার না মানা লড়াইয়ে শেষে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক পেলেন ক্যামেরুন গ্রিন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামী ক্রিকেটার এখন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

স্বাভাবিকভাবেই তিনি নিজেও হয়ত প্রত্যাশা করেননি, তার দর হয়ে যাবে আকাশচুম্বী। ক্যামেরুন গ্রিন অবশ্য এ কথা জানতেন, তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করবে বেশ কিছু দল। তিনি না জানলেও তার ম্যানেজার ঠিকই জানতেন। তাইতো বুদ্ধি করে ব্যাটার হিসেবে গ্রিনকে রেজিস্টার করিয়েছিলেন। এই কিঞ্চিৎ চতুরতাই ইতিহাসের পাতায় নিয়ে গেছে গ্রিনকে।
কিন্তু আইপিএল নিলামের পরদিনই উচ্ছ্বাসের চোয়ালে লেপ্টে গেছে বিষন্নতা। অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের একাদশে ছিলেন ক্যামেরুন গ্রিন। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড ওভালে তিনি ব্যাট হাতে বাইশ গজে আসেন পাঁচ নম্বর ব্যাটার হিসেবে। বিপর্যয়ের মুখে দলের হাল ধরার দায়িত্ব ছিল তার কাঁধে। কেননা ততক্ষণে যে ৯৪ রানে অজিদের নেই তিন উইকেট।

কিন্তু দায়িত্ব নেওয়ার বদলে উল্টো চাপ বাড়িয়ে দিয়ে গেছেন গ্রিন। দুই বল মোকাবেলা করে জোফরা আর্চারের শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্যামেরুন গ্রিন। এখন থেকেই কি চাপটা অনুভব করতে শুরু করেছেন গ্রিন? এত উচ্চ মূল্য যে প্রত্যাশা বাড়িয়েছে কয়েকগুণ। সেই প্রত্যাশার চাপে এর আগেও নুইয়ে পড়ার ইতিহাস আছে প্রচুর। গ্রিনের ভাগ্যে কি আছে, তা তো কেবল সময়ই জানে।











