সামির মিনহাস, ইউ ক্যান্ট স্টপ হিম। ধারাভাষ্যকক্ষ থেমে এমনটাই ভেসে আসল। বিশ্ব দেখল ১৯ বছরের ছেলেটা কীভাবে শাসন করছে। ৭১ বলে শতক, ১০৫ বলে ১৫০, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে একক আসরে ৪০০ রান করা প্রথম ক্রিকেটার। এমন সব কীর্তির জন্ম দিলেন ফাইনাল মহারণে। পুরোটা সময় ভারতীয় বোলারদের একেবারে চুপ করিয়ে রাখলেন সামির। খেললেন সুন্দর অথচ ভয়ংকর এক ইনিংস।
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ফাইনাল, ভারত বনাম পাকিস্তান। শিরোপার মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সামির যখন ব্যাট হাতে নামলেন, কে জানত বাইশ গজ আজ দেখবে অভূতপূর্ব এক ঝড়। শুরু থেকেই চড়াও হলেন, প্রতিপক্ষের বোলারদের চুরমার করে দিলেন। একের পর এক চার-ছক্কা ভারতীয়দের বুকে যেন কাঁপন ধরাতে লাগল।

টুর্নামেন্টের শুরুতে মালয়েশিয়ার বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে নিজের সক্ষমতার প্রমাণ দিলেও অনেকে গুরুত্ব দেয়নি, ছোট দলের বিপক্ষে খেলেছিল বলে। এরপর বাংলাদেশের বিপক্ষেও ৬৯ রানের ইনিংস খেললেন। তাতেও যেন তৃপ্তি মিটল না। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ব্যর্থ হয়েছিলেন, এবার তাই মোক্ষম জবাবটা দিলেন ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে।
ইনিংসের শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চাপ তৈরি করেন পাকিস্তানের এই ওপেনার। পাওয়ারপ্লেতে একের পর এক চার, মাঝেমধ্যে আকাশছোঁয়া ছক্কা, সব মিলিয়ে ভারতের পরিকল্পনায় যেন ফাটল ধরতে শুরু করে। মাত্র ২৯ বলেই ফিফটি, আর ৭১ বলে শতক, শেষমেষ যখন থামলেন নামের পাশে ১১৩ বলে ১৭২ রানের অবিস্মরণীয় এক ইনিংস। হাঁকিয়েছেন ১৭ চার আর নয়টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ১৫২।

স্পিনারদের বিপক্ষে পা ব্যবহার, দ্রুত উইকেটের বাইরে এসে বড় শট, মিনহাস দেখিয়ে দিলেন আধুনিক ক্রিকেটের পূর্ণ পাঠ। যেন নিজের ব্যাটটাকে বানিয়েছেন ভারত-বধের ব্রহ্মাস্ত্র। সেই সাথে ক্রিকেট বিশ্বকে জানান দিয়ে রাখলেন, নামটা মনে রেখো।











