ব্যাটারদের ব্যর্থতায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশের সফলতা

এই ব্যাটিং ফিরিস্তিই বরং বলছে বাংলাদেশের দূর্বলতার গল্প। ব্যাটারদের ব্যর্থতায় টি-টোয়েন্টিতে খুব বেশি সফলতা কখনোই বাংলাদেশের পক্ষে ধরা দেয়নি।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। অথচ আগের নয়টা আসরের প্রত্যেকটিতেই অংশ নিয়েছিল টাইগাররা। যদিও সুখকর স্মৃতির পাল্লা ঝুঁকে নেই, বিষাদের পাল্লাই ভারি। তবুও ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের বাংলাদেশের পক্ষে আনন্দের উপলক্ষ আনার চেষ্টা করেছেন ব্যাটাররা।

ওমানের বিপক্ষে তামিম ইকবাল খানের সেঞ্চুরি, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ও একমাত্র সেঞ্চুরি। তবে রান সংগ্রহের দিক থেকে সাকিব আল হাসান রয়েছেন সবার উপরে। এমনকি স্ট্রাইকরেটটাও তারই সবচেয়ে বেশি। ৪৩ ইনিংসে ব্যাট করে সাকিবের সংগ্রহ ৮৫৩ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ব্যাট করেছেন ১২০ স্ট্রাইকরেটে। চারটি ফিফটি আছে তার নামের পাশে।

এরপরের স্থানেই আছেন তামিম। ২৩ ইনিংসে ১১৩ স্ট্রাইকরেটে রান করেছেন তামিম। একটি সেঞ্চুরি ছাড়া আর মাত্র একটি ফিফটির দেখা পেয়েছেন তিনি। ৫১৪ রান নিতে সক্ষম হয়েছেন বৈশ্বিক আসরটিতে। এরপরের স্থানটি নিজের দখলে রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১০৬.৭৫ স্ট্রাইকরেট মোটেও সন্তোষজনক না হলেও, রানের বিচারে তিনি আছেন তিন নম্বরে।

বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭টি ম্যাচ খেলেছেন রিয়াদ। ৪৫৮ রান নিতে সক্ষম হয়েছেন। সর্বোচ্চ ৫০ রানের একটি ইনিংস আছে তার পাপুয়া নিউ গিনির বিপক্ষে। সেটিই বৈশ্বিক মঞ্চে তার একমাত্র ফিফটির রেকর্ড। যদিও নিজের ব্যাটিং পজিশনের কারণে খুব একটা বড় ইনিংস খেলার সৌভাগ্য তার কখনোই হয়নি।

যথারীতি পঞ্চপাণ্ডবের চতুর্থ তারকা মুশফিকুর রহিম রান সংগ্রহের বিচারে আছেন চার নম্বর স্থানে। ১০৭ এর একটু বেশি স্ট্রাইকরেটে তিনি ব্যাটিং করেছেন ৪০২ রান করেছেন মুশফিক। তৃতীয় সর্বোচ্চ ৩৩টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে পঞ্চম সর্বোচ্চ রান করেছেন লিটন কুমার দাস।

তার স্ট্রাইকরেটও প্রশ্নবিদ্ধ। ২০ ইনিংসে ৩৯৯ রান সংগ্রহ করেছেন লিটন, মাত্র ১০৫ স্ট্রাইকরেটে। গড় বিবেচনায় অবশ্য তিনি এগিয়ে রিয়াদ ও মুশফিকের তুলনায়। এই ব্যাটিং ফিরিস্তিই বরং বলছে বাংলাদেশের দূর্বলতার গল্প। ব্যাটারদের ব্যর্থতায় টি-টোয়েন্টিতে খুব বেশি সফলতা কখনোই বাংলাদেশের পক্ষে ধরা দেয়নি। সেই ধারা পরিবর্তনের সুযোগ এদফা ছিল বটে। কিন্তু দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে তো অংশই নিচ্ছে না বাংলাদেশ।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link