জিম্বাবুয়ের বিপক্ষে ৭৪ রানের বিশাল জয় দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের যুবাদের এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ যাত্রা। নিয়মের মারপ্যাঁচে আগে থেকেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায় আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন এই দল। দল হিসেবে ব্যর্থ হলেও বল হাতে অগ্নি ঝড়িয়েছেন পেসার আল ফাহাদ এবং ইকবাল হোসেন ইমন।
শেষ ম্যাচে বাংলাদেশের যুবাদের দেওয়া ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নামলে একাই জিম্বাবুয়ে ব্যাটিং লাইন আপ কে ধ্বসিয়ে দেন ইমন। ব্যাক্তিগত প্রথম ওভারের শেষ বলেই শিকার করে নেন নিজের প্রথম উইকেট। পরবর্তীতে একে একে ড্রেসিং রুমে ফেরান পাঁচ জন ব্যাটারকে।
বল হাতে তাকে যোগ্য সঙ্গ দেন আল ফাহাদ। ৮.৪ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। এর আগে টুর্নামেন্টে অসাধারণ বোলিং করে নিজের নাম রেকর্ড বুকেও লিখিয়েছেন ফাহাদ। যুব ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। মাত্র ২৫ ম্যাচেই ছুঁয়েছেন এই রেকর্ড।

সব মিলিয়ে চলমান যুব বিশ্ব আসরে ৫ ম্যাচ খেলতে নেমে ১২টি উইকেট নিয়েছেন ফাহাদ। উইকেট প্রতি রান দিয়েছেন পনেরোরও কম।অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে তার থেকে মাত্র এক উইকেট পিছিয়ে ইমন। উইকেট প্রতি ইমনের খরচা মাত্র ১২.৪৫ রান।
প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে অপ্রতিরোধ্য বোলিংয়ে ফাইফার তুলে নিয়ে নিজের সামর্থ্য জানান দিয়েছিলেন ফাহাদ। সেই ধারাবাহিকতাই যেন ধরে রেখেছেন টুর্নামেন্ট জুড়ে।
বল হাতে ইমন-ফাহাদ জুটি প্রত্যেক ম্যাচেই আত্মবিশ্বাস জুগিয়েছে টাইগার শিবিরে। তবে দলীয়ভাবে পারফর্ম করতে না পারায় এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হল হতাশা নিয়ে। তবে নিজেদের ধরে রেখে ভবিষ্যতে বাংলাদেশের হয়ে ফাহাদ ও ইমনের কাছ থেকে বিশ্বমানের বোলিং দেখার প্রত্যাশাই থাকবে বাংলাদেশি সমর্থকদের।











